Country

2 years ago

Baba Ramdev:‘অসত্য বিজ্ঞাপন’ মামলায় রামদেবকে হুঁশিয়ারি সুপ্রিম কোর্টের

Baba Ramdev
Baba Ramdev

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ পতঞ্জলির বিভ্রান্তিকর বিজ্ঞাপন নিয়ে সুপ্রিম কোর্ট রামদেবকে হুঁশিয়ারি দিল। শীর্ষ আদালত তাঁকে স্পষ্ট বলল, কড়া পদক্ষেপের জন্য তৈরি থাকুন। এর আগে এই মামলায় রামদেবকে আদালতে হাজিরার নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। সেই নির্দেশ মেনেই মঙ্গলবার রামদেব এবং তাঁর সহযোগী আচার্য বালকৃষ্ণ হাজিরা দেন। 

ভুল বিজ্ঞাপন সংক্রান্ত মামলায় রামদেব এবং আচার্য বালকৃষ্ণকে এর আগে আদালত অবমাননার নোটিস দেওয়া হয়েছিল। তাঁদের কৈফিয়ত তলব করেছিল সুপ্রিম কোর্ট। কিন্তু পতঞ্জলির পক্ষ থেকে কোনও জবাব না আসায় ক্ষোভ প্রকাশ করে শীর্ষ আদালত। তারপরই কড়া নির্দেশ দিয়ে বলা হয়, ২ এপ্রিল তাঁদের দুজনকে হাজিরা দিতেই হবে। সেই মতোই মঙ্গলবার সুপ্রিম কোর্টে হাজিরা দিলেন রামদেব এবং তাঁর সহযোগী। 

ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের অভিযোগ ছিল, রামদেবের সংস্থা অ্যালোপ্যাথি চিকিৎসা এবং চিকিৎসকদের অপমান করেছে। এছাড়া কোভিড ১৯-এর ভ্যাকসিন নিয়েও এই সংস্থা ভুল প্রচার করেছে বলে অভিযোগ করা হয়। বিষয়টি শীর্ষ আদালতে যাওয়ার পর রামদেবকে নোটিস ধরানো হয়েছিল। তারপরই অবশ্য হলফনামা দিয়ে ক্ষমা চেয়ে নেন রামদেব-সহযোগী বালকৃষ্ণ। কিন্তু তাতে সমস্যার সমাধান হয়নি। শেষ পর্যন্ত সুপ্রিম কোর্টে হাজিরা দিতেই হল রামদেবকে। 

ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন দাবি করেছিল, পতঞ্জলির করা দাবিগুলি আদৌ সত্যি বলে প্রমাণিত নয় এবং তা ১৯৫৪ সালের ড্রাগস অ্যান্ড আদার ম্যাজিক রেমেডি আইন এবং ২০১৯ সালের উপভোক্তা সুরক্ষা আইনের মতো আইনগুলিকে সরাসরি লঙ্ঘন করে।

এই প্রেক্ষিতে সুপ্রিম কোর্ট সংস্থাকে ১ কোটি টাকা জরিমানা করা হবে বলেও হুঁশিয়ারি দিয়েছিল। পাশাপাশি পতঞ্জলিকে সমস্ত বৈদ্যুতিন মাধ্যমে এবং সংবাদপত্রে সমস্ত ভুয়ো বিজ্ঞাপন বন্ধ করার নির্দেশ দিয়েছিল। গোটা বিষয় নিয়ে কেন্দ্রীয় সরকারেরও সমালোচনা করে শীর্ষ আদালত। বিচারপতির পর্যবেক্ষণ ছিল, সরকারের দ্রুত ব্যবস্থা নেওয়া উচিত ছিল। ব্যাপারটি খুবই দুর্ভাগ্যজনক। 


You might also like!