Country

3 years ago

Collapse At Indore Temple:ইন্দোরের মন্দিরে কুয়োয় পড়ে গিয়ে মৃত্যু বেড়ে ৩৫; আহত ১৮ জন, একজনের খোঁজ নেই

Indore
Indore

 

ইন্দোর, ৩১ মার্চ : মধ্যপ্রদেশের ইন্দোরের বেলেশ্বর মহাদেব ঝুলেলাল মন্দিরে একটি ধাপওয়ালা কুয়োর ভিতরের ছাদ ধসে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৩৫। উদ্ধারকাজ এখনও চলছে। বৃহস্পতিবার রামনবমী উপলক্ষ্যে ওই মন্দিরে পুজো দিতে যান বহু পুণ্যার্থীরা। ভিড়ের চাপে কুয়োর ওপরের ছাদ ধসে গেলে বহু পুণ্যার্থী কুয়োর ভিতরে জলে পড়ে যান। এদের বেশিরভাগই মহিলা ও শিশু। শুক্রবার সকালে ইন্দোরের কালেক্টর ইলায়ারাজা টি বলেছেন, মৃতের সংখ্যা বেড়ে ৩৫-এ পৌঁছেছে। ১৮ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল, তাঁদের মধ্যে দু'জনকে ছেড়ে দেওয়া হয়েছে। একজনের এখনও কোনও খোঁজ পাওয়া যায়নি।

বৃহস্পতিবার সকালে বেলেশ্বর মহাদেব ঝুলেলাল মন্দিরে কয়েকশো পুণ্যার্থী হাজির হয়েছিলেন। পুজো চলাকালীন বেশ কিছু পুণ্যার্থী মন্দিরের ভিতরেই একটি কুয়োর ছাদে উঠে পড়েন। কুয়োটি বহু পুরনো। সেটির মুখ কংক্রিটের ছাউনি দিয়ে ঢেকেও দেওয়া হয়েছিল। সেই ছাউনির উপর উঠতেই এই দুর্ঘটনা ঘটে বলে পুলিশ সূত্রে খবর। দুর্ঘটনার পর প্রশাসনের বরিষ্ঠ আধিকারিক ও চিকিৎসক দল, দ্রুত ঘটনাস্থলে পৌঁছয়। জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী, এসডিআরএফ ও সেনাদল উদ্ধারকাজে হাত লাগায়। মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান ত্রাণ ও উদ্ধারকাজ বিষয়ে সবরকম সাহায্যের জন্য জেলা প্রশাসনের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন।

You might also like!