
নয়ডা, ২৭ ফেব্রুয়ারি : বুকের ব্যথায় অসুস্থ হয়ে পড়লেন হিমাচল প্রদেশের রাজ্যপাল শিবপ্রতাপ শুক্লা। উত্তর প্রদেশের নয়ডার একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি। ৭০ বছর বয়সী শুক্লাকে রবিবার মধ্যরাতে কৈলাশ হাসপাতালে ভর্তি করা হয়েছে, হাসপাতালের মুখপাত্র ভি বি যোশি এমনটাই জানিয়েছেন। গত শনিবার থেকে দিল্লি এনসিআর-এ রয়েছেন হিমাচলের রাজ্যপাল, দিল্লি সফরে এসে তিনি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, উপ-রাষ্ট্রপতি জগদীপ ধনখড়, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং অন্যান্যদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
কৈলাশ হাসপাতালের মুখপাত্র বলেছেন, "হিমাচল প্রদেশের রাজ্যপালকে বুকে ব্যথার কারণে রবিবার মধ্যরাতে কৈলাশ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন, এবং পরীক্ষা ও চিকিৎসা চলছে। তাঁর শারীরিক অবস্থা এখন স্থিতিশীল।" উল্লেখ্য, গত ১৮ ফেব্রুয়ারি হিমাচল প্রদেশের ২৯ তম রাজ্যপাল হিসাবে দায়িত্ব গ্রহণ করেছিলেন শিবপ্রতাপ শুক্লা।
