
ইটানগর, ৯ এপ্রিল : আগামীকাল সোমবার অরুণাচল প্রদেশে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আনজাও জেলার কিবিথু গ্ৰামে 'ভাইব্রেন্ট ভিলেজ প্রোগ্রাম', ‘গোল্ডেন জুবিলি বর্ডার ইলুমিনেশন প্রোগ্রাম ’-এর অধীনে অরুণাচল প্রদেশ সরকারের নির্মিত নয়টি মাইক্রো হাইডেল প্রকল্প সহ লিকাবালি (অরুণাচল প্রদেশ), চাপরা (বিহার), নুরানাদ (কেরালা) এবং বিশাখাপত্তনমে (অন্ধ্রপ্রদেশ) পরিকাঠামো বাড়ানোর জন্য ইন্দো-তিব্বত বর্ডার পুলিশ (আইটিবিপি)-এর বহু প্রকল্প উদ্বোধন করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।
সরকারি বিবৃতি জারি করে এ খবর দিয়ে বলা হয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ২০২২-২৩ থেকে ২০২৫-২৬ অৰ্থবৰ্ষের সময়সীমায় সড়ক সংযোগের জন্য ২,৫০০ কোটি টাকা সহ ৪,৮০০ কোটি টাকার কেন্দ্রীয় উপাদান সমেত 'ভাইব্রেন্ট ভিলেজ প্রোগ্রাম' অনুমোদন করেছে ভারত সরকার। এছাড়া ‘গোল্ডেন জুবিলি বর্ডার ইলুমিনেশন প্রোগ্রাম’-এর অধীনে নির্মিত মাইক্রো হাইডেল প্রকল্পগুলি সীমান্ত গ্রামে বসবাসকারীদের ক্ষমতায়ন করবে। প্রকল্পগুলি উদ্বোধনের পাশাপাশি কিবিথুতে ইন্দো-তিব্বত বর্ডার পুলিশ-এর কর্মীদের সঙ্গে মতবিনিময় করবেন স্বরাষ্ট্রমন্ত্রী।
'ভাইব্রেন্ট ভিলেজ প্রোগ্রাম' ('ভিভিপি) হল একটি কেন্দ্রীয় প্ৰকল্প, যার অধীনে অরুণাচল প্রদেশ, সিকিম, উত্তরাখণ্ড ও হিমাচল প্রদেশ এবং লাদাখের উত্তর সীমান্ত ঘেঁষা ১৯টি জেলার ৪৬টি ব্লকের ২,৯৬৭টি গ্রামকে ব্যাপক উন্নয়নের জন্য চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে প্রথম দফায় ৬৬২টি গ্রামকে কভারেজের অগ্রাধিকার দিতে চিহ্নিত করা হয়েছে। এগুলির মধ্যে অরুণাচল প্রদেশের ৪৫৫টি গ্রাম রয়েছে, যোগ করা হয়েছে বিবৃতিতে।
বিবৃতিতে বলা হয়েছে, ভাইব্রেন্ট ভিলেজ প্রোগ্রামের জন্য চিহ্নিত সীমান্ত গ্রামে বসবাসকারী মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে সহায়তা করবে ভিভিপি। এর মাধ্যমে জনগণকে তাঁদের স্থানীয় অবস্থানে থাকতে উৎসাহিত করবে। ফলে ওই গ্রামগুলি থেকে কাউকে বিতাড়নের সম্মুখিন হতেহবে না এবং সীমান্তে কড়া নিরাপত্তা ব্যবস্থা হবে। এছাড়া ব্লক এবং পঞ্চায়েত স্তরে উপযুক্ত ব্যবস্থার সাহায্যে জেলা প্রশাসন চিহ্নিত গ্রামের জন্য কেন্দ্রীয় ও রাজ্যের প্রকল্পগুলির ১০০ শতাংশ সম্পৃক্ততা নিশ্চিত করার জন্য অ্যাকশন প্ল্যান তৈরি করবে।
আরও তথ্য দিয়ে বলা হয়েছে, গ্রামের উন্নয়নের জন্য চিহ্নিত হস্তক্ষেপের মূল ক্ষেত্রগুলি যথাক্রমে রাস্তা সংযোগ, পানীয় জল, সৌর ও বায়ু শক্তি সহ বিদ্যুৎ, মোবাইল এবং ইন্টারনেট সংযোগ, পর্যটন কেন্দ্র, বহুমুখী কেন্দ্র এবং স্বাস্থ্য পরিকাঠামো এবং ওয়েলনেস সেন্টার।
