
নয়াদিল্লি, ১২ মার্চ : বলিউড অভিনেতা তথা নির্দেশক সতীশ কৌশিকের মৃত্যুর ঘটনায় নয়া মোড়৷ দিল্লির এক ব্যবসায়ীর স্ত্রী দাবি করলেন ১৫ কোটি টাকার জন্য তাঁর স্বামী সতীশ কৌশিককে খুন করেছেন ৷ আর এই টাকা তিনি দুবাইতে বিনিয়োগের উদ্দেশ্যে অভিনেতার থেকে নিয়েছিলেন ৷ দিল্লি পুলিশ কমিশনারের অফিসে দায়ের করা একটি অভিযোগে এমনটাই জানিয়েছেন ওই মহিলা ৷ তিনি এও জানান, সতীশ সেই টাকা ফেরৎ চেয়েছিলেন কিন্তু তাঁর স্বামী তা দিতে চাননি ৷ এই কারণেই সতীশকে কিছু ওষুধ খাইয়ে খুন করা হয়েছে যার পুরোটাই তাঁর স্বামীর মস্তিষ্কপ্রসূত ৷
অভিনেতার মৃত্যুর তদন্তে নেমে শনিবার এক সিনিয়র পুলিশ আধিকারিক জানিয়েছিলেন যে তাঁরা দিল্লির ফার্মহাউস থেকে কিছু 'ওষুধ' উদ্ধার করেছেন ৷ মৃত্যুর আগে এখানেই ৬৬ বছর বয়সি অভিনেতা সতীশ কৌশিক একটি পার্টিতে যোগ দিয়েছিলেন ৷ ময়নাতদন্তের রিপোর্টে বলা হয়েছে কার্ডিয়াক অ্যারেস্টের ফলেই তাঁর মৃত্যু হয়েছে ৷
তবে মহিলার বক্তব্য এটি একটি পরিকল্পিত খুন ৷ তাঁর দাবি, ২০১৯ সালে ওই ব্যবসায়ীর সঙ্গে বিয়ের পর অভিনেতার সঙ্গে তাঁর পরিচয় হয় ৷ ভারত ও দুবাইয়ে নিয়মিত তাঁদের সঙ্গে দেখা করতে যেতেন সতীশ ৷ ২০২২-এর ২৩ অগস্ট দুবাইতে তাঁদের বাড়ি গিয়ে তাঁর স্বামীর কাছে ১৫ কোটি টাকা দাবি করেন অভিনেতা ৷ তাঁর কথায়, "আমি তখন ড্রয়িং রুমে ছিলাম ৷ আর সেখানেই সতীশের সঙ্গে তর্ক-বিতর্কে জড়িয়ে পড়েন আমার স্বামী ৷ সতীশ তখন বলেছিলেন, তাঁর টাকার খুব প্রয়োজন ছিল এবং তিনি আমার স্বামীকে বিনিয়োগের উদ্দেশ্যে ১৫ কোটি টাকা দিয়েছেন ৩ বছর হয়ে গিয়েছে ৷ এমনকী সেই টাকা বিনিয়োগ করা তো দূর অস্ত তাঁকে ফেরতও দেওয়া হয়নি ৷ তিনি প্রতারিত হয়েছেন ৷"
মহিলার দাবি ব্যবসায়ী সতীশকে বলেছিলেন, যে অগ্রিম টাকা তাঁকে দেওয়া হয়েছিল তার কোনও প্রমাণ নেই ৷ তবে তিনি এটা শোধ করতে চান কিন্তু একটু সময় লাগবে ৷ মহিলার আরও বলেন, "এরপর আমার স্বামীকে সতীশ বলেন যে তিনি তাঁকে একটি প্রতিশ্রুতি নোট দিয়েছিলেন ৷ আর এখন সতীশের মৃত্যুর খবর পড়লাম ৷ এই ঘটনার পরই আমার সন্দেহ যে আমার স্বামীই তাঁর সহযোগীদের সঙ্গে ষড়যন্ত্র করে অভিনেতাকে মাদক দিয়ে খুন করেছে যাতে তাঁকে টাকা ফেরত দিতে না হয় ৷" তবে এই বিষয়ে আরও জানতে চাওয়া হলে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তারা কোনও মন্তব্য করতে চাননি ৷ জানা গিয়েছে, ফার্ম হাউসের পার্টিতে যোগদানকারী ২৫ জনকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হবে৷
