
জয়পুর, ২ অক্টোবর : রাজস্থানে ভোটের দিন যত এগিয়ে আসছে, বিভিন্ন দলে যোগদানের পালাও অব্যাহত রয়েছে। বৃহস্পতিবার কংগ্রেসে যোগ দিয়েছেন সাধ্বী অনাদি সরস্বতী। এদিন জয়পুরে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট এবং রাজস্থান কংগ্রেসের দায়িত্বপ্রাপ্ত সুখজিন্দর সিং রান্ধাওয়ার উপস্থিতিতে কংগ্রেসে যোগ দিয়েছেন সাধ্বী অনাদি সরস্বতী।
কংগ্রেসে যোগ দেওয়ার পর সাধ্বী অনাদি সরস্বতী বলেছেন, "আমি মনে করি সমাজে আমি একজন সন্ত হিসেবে চিহ্নিত। একজন সন্ত যে কোনও দলীয় রাজনীতির ঊর্ধ্বে। আর একজন সাধক সনাতন ধর্ম এবং সমগ্র বিশ্বকে তাঁর পরিবার মনে করেন। মানুষের সেবা করাই তাঁর একমাত্র লক্ষ্য। একজন সন্তের মঞ্চের প্রয়োজন হয় না, তিনি কেবল কাজ করার দিকে মনোনিবেশ করেন... আমি মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাতে চাই যে তিনি আমাকে সম্মানের সঙ্গে দলে যোগ দেওয়ার সুযোগ দিয়েছেন।"
এদিনের সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী অশোক গেহলট বলেছেন, "আমরা আমাদের প্রকল্প, আমরা যে আইন পাশ করেছি, আমাদের গ্যারান্টির ভিত্তিতে জনগণের মধ্যে যাচ্ছি। আমরা চাই জনগণ আবার আমাদের আশীর্বাদ করুক। যদি সরকার পুনরাবৃত্তি হয়, তাহলে বর্তমান পরিকল্পনাগুলি আগামী সময়ে আরও শক্তিশালী হবে। গ্যারান্টি শক্তিশালী হবে।" গেহলট বলেছেন, "যারা (বিজেপি) ধর্মের নামে রাজনীতি করে, তা এখন চলবে না। জনগণ (রাজস্থানের) জানে রাজস্থান সরকার সবাইকে নিয়ে এগিয়ে চলেছে।"
