
দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: দীর্ঘ ২১ বছর পর রাজ্যে এসআইআর প্রক্রিয়া সম্পন্ন হওয়ায় এবারের বিধানসভা নির্বাচনকে ঘিরে বাড়তি গুরুত্ব তৈরি হয়েছে। ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তির পর বহু মানুষই নিজেদের ভোটাধিকার প্রয়োগে আগ্রহী হয়ে উঠেছেন। একই সঙ্গে অনেকের মধ্যেই আশঙ্কা রয়েছে, এবারে ভোট না দিলে ভবিষ্যতে তালিকা থেকে নাম বাদ পড়তে পারে।
এই প্রেক্ষাপটে ভিনরাজ্যে কর্মরত পরিযায়ী শ্রমিকদের একাংশ দলে দলে রাজ্যে ফিরছেন ভোট দেওয়ার উদ্দেশ্যে। তবে ট্রেনে যাত্রীচাপ বেড়ে যাওয়ায় টিকিট পাওয়া কঠিন হয়ে পড়েছে। ফলে বিকল্প হিসেবে বেসরকারি বাস পরিষেবার উপর ভরসা রাখছেন বহু শ্রমিক, বিশেষত কেরলে কর্মরত বাংলার ভোটাররা। তিরুঅনন্তপুরম থেকে বাংলাগামী কোনও ট্রেনেই আর টিকিট পাওয়া যাচ্ছে না। যেসব শ্রমিক আগে থেকে টিকিট কেটেছিলেন, তাঁরাই শুধুমাত্র ট্রেনে চেপে আসতে পারছেন। এই রুটে ছয়টি ট্রেনের মধ্যে রয়েছে শালিমার সুপার ফাস্ট এক্সপ্রেস (বৃহস্পতিবার ও শনিবার), ডিব্রুগড় বিবেক এক্সপ্রেস (প্রতিদিন), টিভিসি এসসিএল এক্সপ্রেস (মঙ্গলবার), গুরুদেব সুপারফাস্ট এক্সপ্রেস (রবিবার), সিবিই এসসিএল সুপারফাস্ট এক্সপ্রেস (রবিবার) এবং অরোনাই এক্সপ্রেস (মঙ্গলবার)।
টিকিট না পেয়ে অনেক শ্রমিক প্রথমে ভোট না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। কিন্তু এই ভোটের গুরুত্ব বুঝে বেসরকারি বাস পরিষেবার উপর ভরসা রাখছেন পরিযায়ী শ্রমিকরা। ইতিমধ্যেই এর্নাকুলাম জেলার পেরুম্বাভুর, কোথামঙ্গলম এবং মুভাট্টুপুঝা এলাকা থেকে কয়েকটি বাস বাংলার উদ্দেশে রওনা দিয়েছে। শ্রমিকরা ভোট দেওয়ার পর ফের ওই বাসে চেপেই কেরলে ফিরে যাবেন। এই বাসযাত্রার জন্য প্রত্যেক শ্রমিককে গুণতে হচ্ছে ৪ হাজার থেকে ৬ হাজার টাকা। জানা গিয়েছে, নন-এসি বাসে ভাড়া ৪ হাজার টাকা, এসি বাসে ৫ হাজার টাকা এবং স্লিপার বাসে ৬ হাজার টাকা করে নেওয়া হচ্ছে। প্রত্যেক বাসে দুই জন করে চালক রয়েছেন।
এক বাস অপারেটর জানিয়েছেন, ইদ ও দুর্গাপুজোর সময় বহু বছর ধরেই তিনি কোচবিহার, মুর্শিদাবাদ, মালদা এবং শিলিগুড়িতে বাস চালান। এবার ভোটের কারণে শ্রমিকদের অনুরোধে ১০০-র বেশি বাস চালানো হয়েছে। তবে এই পরিষেবা চালাতে গিয়ে সমস্যার মুখেও পড়তে হচ্ছে বাস মালিকদের। অভিযোগ, বাংলা-ওড়িশা সীমান্তে প্রতি ট্রিপে ৫ হাজার টাকা ঘুষ দিতে হচ্ছে। সেই কারণে তাঁদের লাভ কম হচ্ছে। এছাড়া শ্রমিকদের ফেরত আনার জন্য বাংলায় প্রায় ১০ দিন অপেক্ষা করতে হচ্ছে বাসগুলিকে। বিভিন্ন রাজ্য থেকে দলে দলে পরিযায়ী শ্রমিকরা ভোট দিতে আসায় এবার বাংলায় ভোটদানের পরিমাণ বাড়তে পারে বলে মনে করা হচ্ছে।
