
নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর : আগামী ২৪ ঘন্টা পূর্ব ভারতে সক্রিয় থাকবে বর্ষা। পাশাপাশি মধ্য ভারতে আগামী ১৭ সেপ্টেম্বর অবধি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। ভারতীয় আবহাওয়া দফতর জানিয়েছে, পূর্ব ভারতে আগামী ২৪ ঘন্টা বৃষ্টির অনুকূল পরিবেশ থাকবে। মধ্য ভারতে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত সক্রিয় থাকবে বর্ষা, এই সময়ে মধ্যে ভারতের বিভিন্ন রাজ্যে বৃষ্টি হবে।
আবহাওয়া দফতর আরও জানিয়েছে, পশ্চিম ভারতের বিভিন্ন রাজ্যেও ১৮ সেপ্টেম্বর পর্যন্ত বৃষ্টি হবে। ১৮ সেপ্টেম্বর পর্যন্ত মহারাষ্ট্রের উপকূলীয় অঞ্চল এবং গোয়াতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। ১৬ থেকে ১৮ সেপ্টেম্বরের মধ্যে গুজরাটের বিভিন্ন অংশে বৃষ্টি হবে। এই মাসের ১৬ তারিখ পর্যন্ত উত্তরাখণ্ডেও বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি ও ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে।
