
দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ সাংসদ পদ ফিরে পেতেই ২ দিনের সফরে ওয়ানড়ে যাচ্ছেন রাহুল গান্ধী। আগামী ১২ ও ১৩ আগস্ট তিনি তাঁর লোকসভা কেন্দ্রে যাবেন বলে জানা গিয়েছে। সূত্রের খবর এই সফরে তাঁকে বিরাট অভ্যর্থনা জানাতে প্রস্তুত হচ্ছে কেরল কংগ্রেস।এ প্রসঙ্গে, কংগ্রেস নেতা কে সি বেণুগোপাল টুইটারে লিখেছেন, ‘১২-১৩ আগস্ট রাহুল গান্ধী তাঁর লোকসভা কেন্দ্র ওয়ানড়ে যাবেন। ওয়ানড়ের মানুষরা উল্লসিত তাঁদের গণতন্ত্র, সংসদে তাঁদের কণ্ঠ ফিরে এসেছে দেখে। রাহুলজি কেবল সাংসদ মাত্র নন। তিনি ওখানকার পরিবারের একজন সদস্য।’
সোমবার সকালেই লোকসভার সচিবালয় জানিয়ে দেয়, সুপ্রিম কোর্টের নির্দেশের ভিত্তিতেই রাহুল গান্ধীকে সাংসদ পদ ফিরিয়ে দেওয়া হচ্ছে। তারপরেই বাদল অধিবেশনে যোগ দিতে সংসদ ভবনে পৌঁছন রাহুল। গাড়ি থেকে নেমে হাসিমুখে সাংবাদিকদের দিকে হাত নাড়েন তিনি। তবে কোনও কথা বলতে চাননি।
তারপরেই দেখা যায়, টুইটারের বায়ো পালটে ফেলেছেন ওয়ানড়ের কংগ্রেস সাংসদ। প্রসঙ্গত, পদ খারিজ হওয়ার পরে তাঁর বায়োতে লেখা ছিল, ‘ডিস-কোয়ালিফায়েড সাংসদ’। সূত্রের খবর, রাহুল তাঁর হারানো বাংলোটিও ফিরে পাচ্ছেন।
