
বান্দা, ২৬ মার্চ: জেলের মধ্যে হঠাৎ গুরুতর অসুস্থ উত্তরপ্রদেশের মাফিয়া-রাজনীতিক মুখতার আনসারি। সোমবার মধ্যরাতে তাঁকে ভর্তি করা হয়েছে বান্দা হাসপাতালে। আইসিইউয়ে রয়েছেন তিনি। সম্প্রতি আনসারি দাবি করেছিলেন উত্তরপ্রদেশে জেলের মধ্যেই তাঁকে ‘স্লো পয়জন’-এর মাধ্যমে হত্যার ষড়যন্ত্র চলছে। এরপরই আনসারির হঠাৎ অসুস্থতায় রীতিমতো শোরগোল শুরু হয়েছে উত্তরপ্রদেশে।
উল্লেখ্য, কয়েকদিন আগে মুখতারের নিরাপত্তা ব্যবস্থায় গাফিলতির কারণে একজন জেলার আর দু’জন ডেপুটি জেলারকে বরখাস্ত করেছিল সরকার। ভার্চুয়াল উপস্থিতির সময়, মুখতার আনসারি আদালতে জেল প্রশাসনের বিরুদ্ধে তাঁকে 'স্লো পয়জন' করার অভিযোগ করেছিলেন। প্রায় এক সপ্তাহ ধরে মুখতারের শারীরিক অবস্থার ক্রমাগত অবনতি হচ্ছে। তাঁর পরিবারের অভিযোগ, মুখতারের শারীরিক অবস্থা সম্পর্কে কোনও তথ্য প্রকাশ্যে আনছে না জেলা প্রশাসন।এদিকে হাসপাতাল সূত্রে খবর, মুখতার আনসারির মুত্রনালীতে সংক্রমণ গুরুতর আকার নিয়েছে। পরিস্থিতি এতটাই খারাপ যে অস্ত্রোপচার করতে হতে পারে। বর্তমানে আইসিইউতে ভর্তি করা হয়েছে তাঁকে।
