
সুরত, ১২ ফেব্রুয়ারি : গুজরাটে দুদিনের সফরের উদ্দেশ্যে রওনা দিচ্ছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। সোমবার তিনি এই সফরের উদ্দেশ্যে রওনা দেবেন। এই সফরে তিনি ৩টি কর্মসূচিতে অংশ নেবেন। সোমবার তিনি মোরবি জেলার টাঙ্কারায় আর্য সমাজের অনুষ্ঠান এবং সুরাটে সর্দার বল্লভভাই ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজির (এসভিএনআইটি) সমাবর্তন অনুষ্ঠানে যোগ দেবেন। এরপরে তিনি মঙ্গলবার ভালসাদ জেলায় আয়োজিত রাজচন্দ্র মিশনের অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।
সোমবার রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু মোরবি জেলার টাঙ্কারায় আয়োজিত মহর্ষি দয়ানন্দ সরস্বতীর ২০০-তম জন্মবার্ষিকী-জ্ঞান জ্যোতিপর্ব স্মরণ অনুষ্ঠানে যোগ দেবেন। এদিনই তিনি এসভিএনআইটি, সুরাটের ২০-তম সমাবর্তনে যোগ দেবেন। এসভিএনআইটিতে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন রাষ্ট্রপতি। এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন রাজ্যপাল আচার্য দেবব্রত। এই অনুষ্ঠানে এসভিএনআইটি-এর ১,৪৩৪ জন ছাত্রকে ডিগ্রি প্রদান করা হবে।
