
নয়াদিল্লি, ৩ আগস্ট : সংসদ সঠিকভাবে চলতে দিচ্ছেই না বিরোধীরা। বৃহস্পতিবার এমনই অভিযোগ করলেন সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ জোশী। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে ও কংগ্রেস সাংসদ অধীর রঞ্জন চৌধুরীর দিকে সরাসরি আঙুল তুলেছেন প্রহ্লাদ জোশী। সংসদ ভবন চত্বরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রহ্লাদ জোশী বলেছেন, “কংগ্রেসের অধীর রঞ্জন চৌধুরী, মল্লিকার্জুন খাড়গে আমাদের অনুরোধ সত্ত্বেও সদন চলতে দিচ্ছেন না।"
সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ জোশী আরও বলেছেন, "সরকার সদনে প্রতিটি বিষয়ে আলোচনা করতে প্রস্তুত।" তিনি যোগ করেছেন, বিরোধী দলগুলিকে বোঝাতে বেশ কয়েকটি প্রচেষ্টা করেছে সরকার, কিন্তু তাঁরা উভয় কক্ষেই কাজ করতে দিচ্ছেন না। মন্ত্রী আস্থা প্রকাশ করেছেন, দিল্লির জাতীয় রাজধানী অঞ্চল (সংশোধনী) বিল ২০২৩ সংসদে পাস হবে, কারণ অনেক দল এই বিলটিকে সমর্থন করছে।
