
নয়াদিল্লি, ১৪ ফেব্রুয়ারি : কৃষকদের মিছিল নিয়ে সতর্ক দিল্লি। দিল্লির সমস্ত সীমানা এলাকায় জায়গায় জায়গায় কংক্রিটের দেওয়াল তৈরি করা হয়েছে। বসানো হয়েছে কাঁটাতারের বেড়া এবং পেরেক গাঁথা পাটাতন। মোতায়েন রয়েছে বিশাল পুলিশবাহিনী। কৃষকদের কর্মসূচির আগে দিল্লিতে এক মাসের জন্য জারি করা হয়েছে ১৪৪ ধারা। ১২ মার্চ পর্যন্ত ১৪৪ ধারা জারি থাকবে রাজধানীতে।
কৃষকদের আন্দোলনের দ্বিতীয় দিনে, বুধবার সকালে হরিয়ানার আম্বালায় শম্ভু সীমানায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। বিভিন্ন গাড়ি, মোটরবাইকে চেকিং চালায় পুলিশ। কৃষকদের আন্দোলন ও বিক্ষোভের পরিপ্রেক্ষিতে দিল্লির সিংঘু সীমানায় র্যাফ, পুলিশ কর্মী এবং মোতায়েন করা হয়েছে। গাজীপুর সীমানায় এদিন সকালে ধীর গতিতে চলাচল করেছেন যানবাহন। হরিয়ানার ঝাজ্জরের ডিএসপি অনিল কুমার বলেছেন, এই মুহূর্তে পরিবেশ শান্ত রয়েছে। ট্রাফিক ডাইভার্ট করা হয়েছে। পথচারীদের চলাচল স্বাভাবিক রয়েছে।
