
নয়াদিল্লি, ২৭ আগস্ট : মিশন চন্দ্রযান নতুন ভারতের চেতনার প্রতীক হয়ে উঠেছে। মন-কি-বাত অনুষ্ঠানের ১০৪-তম পর্বে বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবিবার মন-কি-বাত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মোদী বলেছেন, "চন্দ্রযান-৩-এর সাফল্য উদযাপন বহুগুণ বাড়িয়েছে। চাঁদের পৃষ্ঠে চন্দ্রযান-৩ অবতরণের তিন দিনেরও বেশি সময় হয়ে গিয়েছে। এই সাফল্য এতটাই বড় যে এটা নিয়ে আলোচনা কম মনে হয়।"
প্রধানমন্ত্রী মোদী বলেছেন, "মিশন চন্দ্রযান নতুন ভারতের চেতনার প্রতীক হয়ে উঠেছে, যা সব পরিস্থিতিতে জিততে চায় এবং যে কোনও পরিস্থিতিতে কীভাবে জিততে হয় তাও জানে।" প্রধানমন্ত্রীর কথায়, "লালকেল্লা থেকে আমি বলেছিলাম, জাতীয় চরিত্র হিসাবে আমাদের নারী নেতৃত্বাধীন উন্নয়নকে শক্তিশালী করতে হবে। যেখানে নারী শক্তির সক্ষমতা যোগ হয়, সেখানে অসম্ভবও সম্ভব হয়। মিশন চন্দ্রযানও নারী শক্তির জীবন্ত উদাহরণ। এই মিশনে অনেক মহিলা বিজ্ঞানী ও প্রকৌশলী সরাসরি জড়িত ছিলেন।"
