
হলদিয়া, ২৯ আগস্ট : পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়ায় বেপরোয়া লরির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হল দু’জনের। আহত হয়েছেন আরও দু'জন। হলদিয়ার দুর্গাচকের গিরিশমোড় বাসস্টপের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে একটি লরি পিষে দেয় কয়েকজনকে। মৃতদের মধ্যে রয়েছেন এক মহিলাও। এছাড়াও আরও দু'জন আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি। মঙ্গলবার সকাল ৭.৪৫ মিনিট নাগাদ দুর্ঘটনাটি ঘটে। ঘাতক লরিটি সুতাহাটার দিক থেকে হলদিয়ার দিকে আসছিল। আচমকা ব্রেক ফেল করে স্থানীয় একটি মিষ্টি দোকানের সামনে ফুটপাতের সব্জি দোকানে ঢুকে পড়ে।
পুলিশ জানিয়েছে, মঙ্গলবার সকালে ওই রাস্তা দিয়ে একটি ট্রাক প্রচণ্ড গতিতে ছুটে আসছিল। ট্রাকের চালক গতির কারণে গাড়ি নিয়ন্ত্রণ করতেই পারেননি। পথচারীদের গায়ে উঠে যায় ট্রাকটি। সেই সময় রাস্তায় বেশ কয়েকজন প্রাতঃভ্রমণের জন্য বেরিয়েছিলেন। এক মহিলা এবং এক সাইকেল আরোহী ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। মৃতেরা হলেন, বাসুলিয়ার বাসিন্দা শেখ হোসেন আলি (৪২) এবং ভাগ্যবন্তপুরের বাসিন্দা নীলিমা কালসা (৫৫)। আরও দু’জনকে ধাক্কা মারে ট্রাকটি। গুরুতর জখম অবস্থায় এক মহিলা এবং এক ব্যক্তিকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
খবর পেয়ে ঘটনাস্থলে যায় দুর্গাচক থানার পুলিশ। তারা মৃতদেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। হলদিয়ার সাব-ডিভিশনার পুলিশ আধিকারিক (এসডিপিও) রাহুল পাণ্ডে বলেন, ‘‘সকালে দুর্ঘটনা ঘটেছে। এক মহিলা এবং এক ব্যক্তির মৃত্যু হয়েছে বলে জেনেছি। বাকি দু’জনকে হাসপাতালে পাঠানো হয়েছে। ঘাতক গাড়িটির সন্ধানে থানাগুলিতে খবর দেওয়া হয়েছে।’’
