
দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ কয়েক সপ্তাহের মধ্যেই চার-চারটি শিশুকে নিশানা করেছে এক লেপার্ড। ঘটনাস্থল উত্তর প্রদেশের বলরামপুর জেলার বহরবা রেঞ্জের ধরমপুর। এই ঘটনাই মনে করিয়ে দিচ্ছে জিম করবেট এবং রুদ্রপ্রয়াগের ম্যান ইটিং লেপার্ডের স্মৃতি। সর্বপ্রথম লেপার্ডটির শিকার ছিল তুলসিপুর ব্লকের আট বছরের বিকাশ নামে এক শিশু। তারপর একে একে তিন বছরের নন্দিনী এবং ছয় বছরের অরুণকেও একইভাব হত্যা করে লেপার্ডটি। এবং লেপার্ডটির সর্বশেষ অর্থাৎ চতুর্থ নিশানা হল সোমবার। সেদিন লোকালয়ে ঢুকে হামলা চালিয়ে মুখে করে শিশুর দেহ নিয়ে গিয়েছে সে। জঙ্গলের ধারে মিলেছে শিশুর ক্ষতবিক্ষত দেহ। ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে গোটা এলাকায়।
আরও জানা গিয়েছে লেপার্ডটিকে ধরতে বন দফতরের তরফ থেকেও করা হয়েছিল পরিকল্পনা। তবে তাতে কোনো লাভ হয়নি। বলরামপুরের সাব ডিভিশনাল বন আধিকারিক মনোজ কুমার বলেন, 'চিফ ওয়াইল্ডলাইফ ওয়ার্ডেনকে একটি চিঠি পাঠানো হয়েছে। লেপার্ডটিকে মানুষখেকো হিসেবে ঘোষণা করার আর্জি রাখা হয়েছে। চিতাবাঘটিকে ধরতে নজরদারি বাড়ানো হয়েছে, একাধিক এলাকায় ট্র্যাপ ক্যামেরা ইনস্টল করা হয়েছে। প্ল্যান করে বসানো হয়েছে খাঁচা। টোপ ফেলে চিতাবাঘটিকে ধরার চেষ্টা করা হচ্ছে। এমনকী, ঘুমপাড়ানি গুলি ছুঁড়ে বাঘটিকে বেকায়দায় ফেলারও চেষ্টা করা হচ্ছে। এতে সাহায্য চাওয়া হচ্ছে স্থানীয় গ্রামবাসীদের। যদিও কোনও টোটকাতেই বাঘটিকে এখনও কাবু করা সম্ভব হয়নি।' বলরামপুরের ডিভিশনাল বন কর্তা সেম্মারন বলেন, 'লেপার্ডটিকে ধরার জন্য সবরকমের প্রচেষ্টা চালাচ্ছি আমরা। পায়ের ছাপ দেখে বোঝা গিয়েছে বাঘটি পূর্ণবয়স্ক।'
