
নয়াদিল্লি : কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে এবার বৃহত্তর আন্দোলনে নামছে বিরোধীদের আইএনডিআই জোট। আগামী ৩১ মার্চ দিল্লির রামলীলা ময়দানে 'মহা র্যালি'-র আয়োজন করছে বিরোধীরা। রবিবার আইএনডিআই জোটের সাংবাদিক সম্মেলনে দিল্লির মন্ত্রী তথা আম আদমি পার্টির নেতা গোপাল রাই বলেছেন, "এই স্বৈরাচারের বিরুদ্ধে...এই লড়াইকে শক্তিশালী ও প্রসারিত করতে, আমরা সিদ্ধান্ত নিয়েছি ৩১ শে মার্চ, রবিবার, সকাল দশটায় সমগ্র দিল্লি রামলীলা ময়দানে জড়ো হবে।"
গোপাল রাই বলেছেন, "এটি হবে আইএনডিআই জোটের মহা সমাবেশ, শুধুমাত্র দিল্লির মানুষ নয়, আমি ভারতের সমস্ত জনগণের কাছে আবেদন করছি, যারা সংবিধান এবং গণতন্ত্রে বিশ্বাস করেন, তারা অবশ্যই ৩১ মার্চ সকাল দশটায় রামলীলা ময়দানে আসবেন।" দিল্লির মন্ত্রী অতিশী এদিন বলেছেন, "আইএনডিআই জোট ৩১ মার্চ রামলীলা ময়দানে একটি 'মহা সমাবেশের' আয়োজন করছে। এটি অরবিন্দ কেজরিওয়ালকে বাঁচাতে নয়, গণতন্ত্রকে বাঁচাতে আয়োজন করা হচ্ছে। বিরোধীরা একতরফা আক্রমণের সম্মুখীন হচ্ছেন।"
