
নয়াদিল্লি, ৮ জুন : বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের ডাকা বিরোধী বৈঠক আগামী ২৩ জুন অনুষ্ঠিত হতে চলেছে। বিহারের উপ-মুখ্যমন্ত্রী তেজস্বী যাদব এবং জেডিইউ জাতীয় সভাপতি লালন সিং সাংবাদিক বৈঠকে তারিখ ঘোষণা করেন। তিনি বলেন, রাহুল গান্ধী, মমতা বন্দ্যোপাধ্যায়, অরবিন্দ কেজরিওয়াল এবং এমকে স্ট্যালিন বৈঠকে যোগদান করতে সম্মত হয়েছেন। ২০২৪ এর লোকসভা নির্বাচনের বিজেপির বিরুদ্ধে লড়াইয়ের জন্য একটি যৌথ কৌশল তৈরি করতে সমস্ত বিরোধী দল একসঙ্গে পটনায় বসবে।
১২ জুন পটনায় বিরোধী শিবিরের বৈঠকের আয়োজনের কথা জানিয়েছিলেন নীতীশ কুমার। কিন্তু পরে তা পিছিয়ে দেওয়া হয়। জেডিইউ সূত্রের খবর, মূলত কংগ্রেসের অনুরোধেই এই বৈঠক পিছিয়ে দেওয়া হয়েছিল। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়্গে বা রাহুল গান্ধী কেউই ১২ জুন বৈঠক হলে হাজির থাকতে পারবেন না। দু’জনেই ওই দিন অন্য কর্মসূচিতে ব্যস্ত থাকবেন। তা ছাড়া ডিএমকে প্রধান তথা তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিনও ওই দিন তাঁর রাজ্যে একটি বাঁধ উদ্বোধনের অনুষ্ঠান রয়েছে বলে বৈঠক পিছিয়ে দেওয়ার অনুরোধ জানিয়েছিলেন। এনডিএর জোটের হাত ছেড়ে গত বছর কংগ্রেস, আরজেডি সহ ৯টি রাজনৈতিক দলের সঙ্গে জোট বেঁধে বিহারে নতুন সরকার গঠন করেন জেডি(ইউ) নেতা নীতীশ কুমার। তার পর থেকেই বিজেপি বিরোধী দলগুলির সঙ্গে সখতা বেড়েছে নীতীশের।
এছাড়াও উপস্থিত থাকবেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী ও ডিএমকে প্রধান এম কে স্টালিন, তার ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন, শিবসেনা(উদ্ধব) প্রধান উদ্ধব ঠাকরে এবং শরদ পাওয়ার, জনতা দল ইউনাইটেডের জাতীয় সভাপতি রাজীব রঞ্জন পটনায় সাংবাদিকদের জানিয়েছেন। জোট নিয়ে কংগ্রেসের কেসি ভেনুগোপাল দিল্লিতে বলেন, আমরা বিশ্বাস করি যে গণতন্ত্র রক্ষার লক্ষ্যে আমাদের ঐক্য এবং প্রতিশ্রুতি সময়ের প্রয়োজন এবং আমরা আজ ক্ষমতায় বিভক্ত শক্তিকে পরাজিত করতে সফল হব।
