
দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ বুধবার দুপুরে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে দেখা করেন রোধী জোট ‘ইন্ডিয়া’র ৩১ জন প্রতিনিধি। মণিপুরের সাম্প্রতিক পরিস্থিতি জানিয়ে রাষ্ট্রপতির হাতে একটি স্মারকলিপিও তুলে দেন বিরোধী সাংসদেরা। অশান্ত মণিপুরের পরিস্থিতি স্বচক্ষে দেখার জন্য প্রধানমন্ত্রীর সেখানে যাওয়া উচিত বলে দরবার ও জানান তারা।
এই প্রতিনিধি দলে ‘ইন্ডিয়া’ জোটের প্রায় সব শরিক দলের শীর্ষ স্থানীয় নেতারাই ছিলেন বলে সূত্রের খবর। যে ২১ জন বিরোধী সাংসদ সম্প্রতি মণিপুরে গিয়ে সেখানকার পরিস্থিতি স্বচক্ষে দেখে এসেছেন, তাঁরাও ছিলেন এই প্রতিনিধিদলে। তাঁরা তাঁদের চোখে দেখা অভিজ্ঞতা রাষ্ট্রপতির সামনে মেলে ধরেন। তৃণমূলের রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব মণিপুর থেকে দু’জন মহিলাকে রাজ্যসভায় মনোনয়ন দেওয়ার জন্য রাষ্ট্রপতিকে অনুরোধ করেন। তিনি রাষ্ট্রপতিকে জানান, মণিপুরে নারীদের উপর যে ধরনের অত্যাচারের ঘটনা প্রকাশ্যে আসছে, তাতে দুই সম্প্রদায়ের দুই মহিলাকে রাজ্যসভায় আনা উচিত।
কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে বলেন “আমরা রাষ্ট্রপতিকে মণিপুরের পরিস্থিতি সম্পর্কে জানিয়েছি। সে রাজ্যে মেয়েদের উপর কী ভাবে অত্যাচার চলছে, তা-ও জানিয়েছি। তবে আমাদের মূল দাবি হল, সে রাজ্যে শান্তি ফিরিয়ে আনতে প্রধানমন্ত্রী অবশ্যই মণিপুরে যান। এই বিষয়ে হস্তক্ষেপ করুন রাষ্ট্রপতি।”
বুধবার সকালে সংসদে বিরোধী পক্ষের পরবর্তী কৌশল ঠিক করতে খড়গের দফতরে বৈঠকে বসেন বিরোধী সাংসদেরা। অন্য দিকে সরকারের পরবর্তী কৌশল ঠিক করতে শীর্ষস্থানীয় মন্ত্রীদের সঙ্গে বৈঠকে বসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। মণিপুর নিয়ে বিরোধী দলগুলির সম্মিলিত আক্রমণ এবং সমালোচনার পাশাপাশি সোমবার থেকে সে রাজ্যের পরিস্থিতি নিয়ে সুপ্রিম কোর্টে ধারাবাহিক সমালোচনার মুখে পড়েছে কেন্দ্র।
