
নয়াদিল্লি, ২ ফেব্রুয়ারি: ডিসেম্বর ও জানুয়ারি, ২০২৩ সালের এই দুই মাস শুষ্কই কেটেছে উত্তর ভারতে। ফেব্রুয়ারিতেই বৃষ্টিতে ভিজেছে রাজধানী দিল্লি-সহ উত্তর ভারতের বিভিন্ন রাজ্য। ভারতীয় আবহাওয়া দফতর পূর্বাভাসে জানিয়েছে, ফেব্রুয়ারি মাসে উত্তর ভারতে স্বাভাবিক অথবা তার থেকে বেশি বৃষ্টি হবে। পূর্ব ও পশ্চিম উত্তর প্রদেশ, উত্তরাখণ্ড, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি, পঞ্জাব, হিমাচল প্রদেশ, জম্মু ও কাশ্মীর এবং লাদাখ এই রাজ্যগুলিতে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টিপাত হবে ফেব্রুয়ারি মাসে৷
ফেব্রুয়ারি মাসেই মধ্য ও উত্তর ভারতের কিছু অংশে স্বাভাবিকের উপরে সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। উত্তর ভারতের বিভিন্ন রাজ্য থেকে শীতের দাপটও আগামী কিছু দিনে ধীরে ধীরে কমবে। শুক্রবারই নতুন করে তুষারপাত হয়েছে জম্মু ও কাশ্মীরের উঁচু পাহাড়ি অঞ্চলে, তুষারপাত হয়েছে হিমাচল প্রদেশ ও উত্তরাখণ্ডেও। সর্বত্রই বরফের চাদরে ঢাকা পড়েছে।
