Country

2 years ago

Sharad Pawar :‘ঘড়ি’ নিয়ে গেল ভাইপো,কাকা শরদকে কমিশন দিল নতুন নির্বাচনী প্রতীক

Sharad Pawar
Sharad Pawar

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ শরদ পওয়ারের নেতৃত্বাধীন এনসিপি (শরদচন্দ্র পওয়ার)-কে নতুন নির্বাচনী প্রতীক বরাদ্দ করল নির্বাচন কমিশন। জানাল আগামী নির্বাচনে ‘তূর্য (শিঙা) বাদক ব্যক্তি’ প্রতীক নিয়ে ভোটে প্রতিদ্বন্দ্বিতা করবে এনসিপি প্রতিষ্ঠাতার গোষ্ঠী।

গত বছরের মাঝামাঝি সময়ে এনসিপিতে গোষ্ঠী কোন্দল চরমে পৌঁছায়। সদলবলে শরদ পওয়ারের (Sharad Pawar) এনসিপি থেকে বেরিয়ে বিজেপির হাত ধরেন ভাইপো অজিত পওয়ার। মহারাষ্ট্র মন্ত্রিসভায় যোগ দেন এনসিপির ৯ বিধায়ক। অজিত নিজে উপমুখ্যমন্ত্রী হন। ক্ষুব্ধ শরদ অজিত শিবিরের একাধিক নেতাকে বরখাস্ত করেন। দাবি করেন, আসল এনসিপি তাঁরাই। বিষয়টি গড়ায় নির্বাচন কমিশন পর্যন্ত।

নির্বাচন কমিশন (Election Commission) গত ৬ ফেব্রুয়ারি জানিয়ে দিয়েছে, অজিত পওয়ারের নেতৃত্বাধীন শিবিরই আসল এনসিপি। ‘এনসিপি’ নাম এবং নির্বাচনী প্রতীক ‘ঘড়ি’ ব্যবহারের অধিকার পাবে অজিতের গোষ্ঠী। তখনই ঠিক হয়ে যায় শরদ পওয়ারের নেতৃত্বাধীন শিবিরের নাম হবে এনসিপি (শরদচন্দ্র পওয়ার)। এবার সেই শিবিরকে প্রতীক দিল ‘তূর্য (শিঙা) বাদক ব্যক্তি’। নির্বাচন কমিশনের নির্দেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন শরদ পওয়ার। শীর্ষ আদালতের নির্দেশ না আসা পর্যন্ত এই প্রতীকেই লড়তে হবে পওয়ার শিবিরকে।

এনসিপির (NCP) শরদ পওয়ার শিবির ইন্ডিয়া জোটের অংশ। মহারাষ্ট্রে কংগ্রেস এবং শিব সেনার উদ্ধব শিবিরের সঙ্গে জোট করে লড়তে চলেছে তাঁরা। প্রাথমিকভাবে খবর, মহারাষ্ট্রের ৪৮ আসনের মধ্যে ৮-১০টি আসনে লড়তে পারে শরদ পওয়ার শিবির। সবকটি আসনেই তাঁদের লড়তে হবে নয়া প্রতীকে।


You might also like!