
নয়াদিল্লি, ২৫ মার্চ: লোকসভা নির্বাচনের পঞ্চম প্রার্থী তালিকাতে ১১১টি কেন্দ্রে প্রার্থীদের নাম ঘোষণা করেছে বিজেপি। তাতে একাধিক চমক দিয়েছে বিজেপি। দলে সদ্য যোগ দেওয়া নবীন জিন্দালকে প্রার্থী করা হয়েছে হরিয়ানার কুরক্ষেত্র আসন থেকে। কংগ্রেসের রাজনীতিতে নবীন জিন্দাল বড় নাম। ১০ বছর কুরুক্ষেত্র আসন থেকেই সাংসদ ছিলেন তিনি। বিজেপিও তাঁকে সেখান থেকেই প্রার্থী করলো।
রবিবার দল পরিবর্তনের আগে এক্স হ্যান্ডেলে তিনি বলেন, ''১০ বছর কংগ্রেসের সাংসদ ছিলাম। প্রাক্তন দলকে ধন্যবাদ জানাই। ধন্যবাদ জানাই তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিংকেও।'' তবে কংগ্রেস নবীনের এই দলত্যাগ নিয়ে ভাবিত নয় বলে জানিয়েছে। কংগ্রেসের তরফে বলা হয়েছে, কংগ্রেসের প্রতি নবীনের কোনও অবদান নেই। তাদের কাছে বিষয়টি হাসির খোরাক ছাড়া আর কিছুই নয়।
