
বান্দা ও লখনউ, ২৯ মার্চ : কিছু দিন আগে, জেলের মধ্যেই স্বাস্থ্যের অবনতি হয়েছিল। তারপর বৃহস্পতিবার রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে গ্যংস্টার তথা রাজনীতিক মুখতার আনসারির। বৃহস্পতিবার স্বাস্থ্যের অবনতি হওয়ায় জেলবন্দি মুখতারকে বান্দা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই মৃত্যু হয় তাঁর। গত মঙ্গলবারও পেটের যন্ত্রণায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। মুখতার আনসারির ছেলে উমর আনসারি বলেছেন, "প্রশাসনের দিক থেকে আমাকে কিছু বলা হয়নি, আমি সংবাদ মাধ্যম থেকে বিষয়টি জানতে পেরেছি... কিন্তু এখন গোটা দেশ সব জানে। দুই দিন আগে আমি তাঁর সঙ্গে দেখা করতে এসেছিলাম। কিন্তু আমাকে অনুমতি দেওয়া হয়নি। আমরা আগেও বলেছি এবং ফের একই কথা বলবো স্লো পয়জন দেওয়া হয়েছে। ১৯ মার্চ তাঁকে নৈশভোজে বিষ খাওয়ানো হয়েছিল।"
জেল সূত্রে খবর, রমজানের উপবাস ভঙ্গ করার পরেই মুখতারের স্বাস্থ্যের অবনতি হয়। বান্দা মেডিক্যাল কলেজের অধ্যক্ষ সুনীল কৌশল জানান, পেটের যন্ত্রণা নিয়ে প্রায় ১৪ ঘণ্টা হাসপাতালে ভর্তি থাকার পর সেখানেই হৃদরোগে মৃত্যু হয়েছে মুখতারের। যদিও মুখতারের ভাই গাজিপুরের সাংসদ আফজল আনসারি অভিযোগ তুলেছেন, তাঁর দাদাকে জেলের মধ্যেই বিষ প্রয়োগ করে মেরে ফেলা হয়েছে। মুখতারের অনুগামীরা তাঁর বাড়ির সামনে জড়ো হতে শুরু করেন। সেখানে নিরাপত্তা বৃদ্ধি করা হয়।
প্রশাসন সূত্রের খবর, তিন সদস্যের একটি টিম গ্যাংস্টার মুখতার আনসারির মৃত্যুর ম্যাজিস্ট্রিয়াল তদন্ত করবে। দু'জন চিকিৎসকের একটি প্যানেল পোস্টমর্টেম করবে, যার ভিডিওগ্রাফ করা হবে। ময়নাতদন্তের পর মুখতার আনসারির মৃতদেহ তাঁর ছেলে উমর আনসারির কাছে হস্তান্তর করা হবে। মুখতারের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব। সামাজিক মাধ্যমে অখিলেশ লিখেছেন, "প্রাক্তন বিধায়ক মুখতার আনসারি প্রয়াত হয়েছেন।" সমাজবাদী পার্টির নেতা আমিক জামেই বলেছেন, "আমরা মুখতার আনসারির পরিবারের পাশে আছি। সম্প্রতি তিনি বলেছিলেন, তাকে যে কোনও সময় খুন করা হতে পারে... কেন তাঁকে সঠিক চিকিৎসা সুবিধা দেওয়া হয়নি? আমরা ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত দাবি করব।"
উল্লেখ্য, মুখতার উত্তর প্রদেশের মৌ সদর বিধানসভার পাঁচ বারের প্রাক্তন বিধায়ক ছিলেন। ২০০৫ সাল থেকে উত্তর প্রদেশ এবং পঞ্জাবের জেলে বন্দি ছিলেন। তাঁর বিরুদ্ধে ৬০টিরও বেশি ফৌজদারি মামলা বিচারাধীন ছিল। তিনি ২০২২ সালের সেপ্টেম্বর থেকে উত্তর প্রদেশের বিভিন্ন আদালতে আটটি মামলায় সাজাপ্রাপ্ত হয়ে বান্দা জেলে বন্দি ছিলেন। উত্তর প্রদেশ পুলিশ গত বছর যে ৬৬ জন গ্যাংস্টারের তালিকা প্রকাশ করেছিল তাতেও নাম ছিল মুখতারের। সম্প্রতি ৩৬ বছর পুরনো এক মামলায় দোষী সাব্যস্ত হয়েছিল মুখতার। সেই মামলায় তাঁকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছিল আদালত।
