
মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে ভারতে তৈরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির স্বপ্নের ‘বন্দে ভারত’ এক্সপ্রসে, সেমি হাই স্পিড ট্রেনটি দ্বিতীয়বার দুর্ঘটনার কবলে পড়ল। বৃহস্পতিবার বন্দে ভারত এক্সপ্রেসে ধাক্কা মেরেছিল কয়েকটি মোষ। যার জেরে ট্রেনটির সামনের দিকটা ক্ষতিগ্রস্ত হয়। শুক্রবার আবার কার্যত একই জায়গায় ধাক্কা মারে একটি গরু। এবার অবশ্য ক্ষয়ক্ষতির পরিমাণ বৃহস্পতিবারের তুলনায় কম হয়। রেল মন্ত্রক এই ব্যাপারটা খুব গুরুত্ব দিতে নারাজ। রেল মন্ত্রী অশ্বিনি বৈষ্ণব জানিয়েই দিয়েছেন, এই ধরনের ঘটনা এড়ানো যাবে না। এই সেমি হাই স্পিড এক্সপ্রেস ট্রেনটি চালু করার আগেই এই ঝুঁকির কথা ভাবা হয়েছে।
