
দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ ২০১৯ সালের একটি ভিডিয়ো, সেখানে প্রধানমন্ত্রীকে ‘খারাপ লোক’ (নিচ আদমি) বলে মন্তব্য করেছিলেন গুজরাটের আপ প্রধান গোপাল ইটালিয়া। সেই নিয়েই গোপালকে সমন পাঠায় জাতীয় মহিলা কমিশন।বৃহস্পতিবার সকালে কমিশনের দফতরে হাজিরা দেন গোপাল। সেখানে বসেই টুইটারে দাবি করেন, জাতীয় মহিলা কমিশনের প্রধান রেখা শর্মা তাঁকে হাজতে পাঠানোর হুমকি দিয়েছেন। এই পোস্টের কিছু ক্ষণের মধ্যেই গোপালকে পুলিশের গাড়িতে তুলে নিয়ে যাওয়া হয়।
গোপালের হাজিরা প্রসঙ্গে জাতীয় মহিলা কমিশনের প্রধান রেখা বলেন, ‘‘তিনি সমন পাওয়ার কথা অস্বীকার করেন, অথচ জবাব তৈরি ছিল তাঁর।" গোপালের এই টুইট ফের পোস্ট করে কেজরীওয়াল লেখেন, ‘‘গোটা বিজেপি কেন গোপাল ইটালিয়ার পিছনে?’’
সামনেই গুজরাতে ভোট। মোদী-শাহের গড় গুজরাতে ক্রমেই প্রভাব বিস্তার করছে আপ, এই ঘটনাকে তারই ফল হিসাবে দেখছে কেজরীওয়ালের দল।
