
কাঠমাণ্ডু, ৮ আগস্ট : অবিরাম ভারী বৃষ্টিপাতের কারণে নেপালে অনেক বেশি জায়গায় ভূমিধসের খবর পাওয়া গিয়েছে। ভূমিধসের ফলে এক মহিলার মৃত্যু হয়েছে এবং একই পরিবারের সাতজনের নিখোঁজ হওয়ার খবর পাওয়া গিয়েছে। ভারী বৃষ্টির ফলে ভূমিধস কবলিত এলাকা থেকে ক্ষতিগ্রস্তদের উদ্ধারের কাজ চলছে। ত্রাণকার্যও শুরু হয়েছে জোরকদমে।
বাহাদুর সায়ংটান নামক এক ব্যক্তির বাড়ি মাকওয়ানপুর জেলার সিগ্রে গ্রামে। তার সেই বাড়িটি ভূমিধসের ফলে ক্ষতিগ্রস্ত হয়। ভূমিধসের পর তার পুরো পরিবার নিখোঁজ হয়েছে বলে জানা গিয়েছে। মকবানপুর জেলা পুলিশের মুখপাত্র ডিএসপি টেক বাহাদুর কারকি জানান, নিখোঁজদের মধ্যে একজন মহিলার দেহ উদ্ধার করা হয়েছে। পুলিশের একজন মুখপাত্র জানিয়েছেন, মঙ্গলবার ভোর ৪টে নাগাদ ভূমিধস হয়। প্রায় ৪ ঘন্টার চেষ্টায় ৫৫ বছর বয়সী শান্তমায়া সায়ংতানের মৃতদেহ উদ্ধার করা হয়। বহু মানুষ এখনও নিখোঁজ।
