
নয়াদিল্লি, ২ মার্চ : সমস্ত অপরাধই খারাপ, কিন্তু শিশুদের প্রতি অপরাধ হজম করা কঠিন, ভিন্নভাবে তা মোকাবিলা করা প্রয়োজন। বললেন কেন্দ্রীয় আইনমন্ত্রী কিরেণ রিজিজু। জাতীয় মানবাধিকার কমিশনের উদ্যোগে বৃহস্পতিবার দিল্লির বিজ্ঞান ভবনে আয়োজিত একটি সম্মেলনে বক্তব্য রাখায় সময় কেন্দ্রীয় আইনমন্ত্রী কিরেণ রিজিজু বলেছেন, যদি মহিলা ও শিশুরা নিরাপদ না থাকে, তাহলে একটি সমাজ অথবা দেশ নিজস্ব অর্জন উদযাপন করতে পারে না।
তিনি আরও বলেছেন, আমাদের আইনী বিধানের বাইরে যেতে হবে, এবং মহিলা ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে সমাজকে একত্রিত হতে হবে। জাতীয় মানবাধিকার কমিশনের এই সম্মেলনকে "সময়োপযোগী এবং অত্যন্ত প্রাসঙ্গিক" হিসাবে বর্ণনা করেন কেন্দ্রীয় মন্ত্রী বলেন, "আমরা আশা করি এই সম্মেলন থেকে সুনির্দিষ্ট ফলাফল বেরিয়ে আসবে।"
