
চেন্নাই, ৯ জুন : ফের লাইনচ্যুত এক্সপ্রেস ট্রেন। এবার চেন্নাই সেন্ট্রাল স্টেশনে লাইনচ্যুত হল জন শতাব্দী এক্সপ্রেস৷ রেলের তরফে জানানো হয়েছে বৃহস্পতিবার মধ্যরাতের এই ঘটনার সময় ট্রেনটি ফাঁকা ছিল এবং সেটি কারশেডে ফিরছিল ৷ সেই সময় বেসিন ব্রিজ ওয়ার্কশপের কাছে জন শতাব্দী এক্সপ্রেসের ২টি চাকা লাইন থেকে নেমে যায় ৷ ট্রেনটি অন্ধ্রপ্রদেশের বিজয়ওয়াড়া থেকে চেন্নাই সেন্ট্রাল স্টেশনে এসেছিল ৷ প্রায় ২ ঘণ্টার চেষ্টায় ট্রেনের ২টি চাকা ফের লাইনে তোলা হয় ৷
জানা গিয়েছে, বিজয়ওয়াড়া থেকে রাতে চেন্নাই সেন্ট্রাল স্টেশনে ঢোকে জন শতাব্দী এক্সপ্রেস৷ ট্রেনের সব যাত্রী নেমে যাওয়ার পর সেটিকে বেসিন ব্রিজ ওয়ার্কশপের কার্শেডে নিয়ে যাওয়া হচ্ছিল৷ সেই সময় দু’টি চাকা লাইন থেকে সরে যায় ৷ রেল আধিকারিক ও পুলিশের তরফে এই ঘটনার তদন্ত শুরু করা হয়েছে ৷ সম্প্রতি বালাসোর রেল দুর্ঘটনার পর গতকাল জন শতাব্দী এক্সপ্রেসের চাকা লাইনচ্যুত হওয়ায় বেশ তোলপাড় পড়ে যায় চেন্নাই সেন্ট্রাল-সহ দক্ষিণ রেলে৷
প্রসঙ্গত, বৃহস্পতিবার তামিলনাড়ুর কুনুর স্টেশনে নীলগিরি মাউন্টেন রেলের একটি ট্রেন লাইনচ্যুত হয় ৷ কুনুর স্টেশন থেকে নীলগিরির উদ্দেশ্যে রওনা দেওয়ার সঙ্গে সঙ্গে ট্রেনের চাকা লাইনচ্যুত হয়ে যায় ৷ ফলে ঝাঁকুনি দিয়ে ট্রেন থেমে যায় ৷ স্টেশন থেকে ছাড়ার সময়ে এই দুর্ঘটনা ঘটায় ট্রেন গতি একেবারেই সামান্য ছিল ৷ ফলে বড় কোনও ক্ষতি হয়নি ৷ তবে, ঘটনার আকস্মিকতায় যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে ৷
