Country

2 years ago

Jagdish Shettar :বিজেপিতে ফিরে এলেন জগদীশ শেত্তার, জানালেন মোদীর প্রতি আস্থাতেই প্রত্যাবর্তনের সিদ্ধান্ত

Jagdish Shettar
Jagdish Shettar

 

নয়াদিল্লি, ২৫ জানুয়ারি : আবারও বিজেপিতে ফিরে এলেন কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী জগদীশ শেত্তার। বৃহস্পতিবার দিল্লিতে বিজেপির সদর কার্যালয়ে কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদব ও কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী বি এস ইয়েদুরাপ্পার উপস্থিতিতে বিজেপিতে যোগ দিয়েছেন শেত্তার। উপস্থিত ছিলেন কর্ণাটক বিজেপির সভাপতি বি ওয়াই বিজয়েন্দ্রও। বিজেপিতে যোগ দেওয়ার পরই দলের সর্বভারতীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডার সঙ্গে সাক্ষাৎ করেছেন শেত্তার। প্রসঙ্গত, এর আগে বিজেপির সঙ্গে সমস্ত ধরনের সম্পর্ক ছিন্ন করে গত বছরের এপ্রিল মাসে কংগ্রেসে যোগ দিয়েছিলেন কর্ণাটকের প্রবীণ এই নেতা।

এদিন বিজেপিতে প্রত্যাবর্তনের পর জগদীশ শেত্তার বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতি আস্থাতেই প্রত্যাবর্তনের সিদ্ধান্ত নিয়েছেন তিনি। সাংবাদিক সম্মেলনে জগদীশ শেত্তার বলেছেন, "দল অতীতে আমাকে অনেক দায়িত্ব দিয়েছে। কিন্তু, কিছু সমস্যার কারণে আমি কংগ্রেসে গিয়েছিলাম। গত ৮-৯ মাসে, অনেক আলোচনা হয়েছে, এছাড়াও বিজেপি কর্মীরা আমাকে বিজেপিতে ফিরে আসতে বলেছিলেন। ইয়েদুরাপ্পাজি এবং বিজয়েন্দ্রজিও চেয়েছিলেন আমি বিজেপিতে ফিরে আসি। আমি এই বিশ্বাস নিয়ে দলে যোগ দিচ্ছি যে, নরেন্দ্র মোদীকে আবার প্রধানমন্ত্রী হতে হবে।"

You might also like!