
নয়াদিল্লি : জি-২০ সম্মেলনের আগে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে পার্শ্ববৈঠক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। দিল্লিতে প্রধানমন্ত্রীর বাসভবনে আলোচনায় বসেন দুই রাষ্ট্রপ্রধান । মার্কিন রাষ্ট্রপতি জো বাইডেনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকের পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, বিশ্বের মঙ্গলের জন্য ভারত এবং আমেরিকার বন্ধুত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ।
রাত পোহালেই দিল্লির প্রগতি ময়দানের ভারত মণ্ডপম কনভেনশন সেন্টারে জি-২০ শীর্ষ সম্মেলন শুরু হবে। তার আগেই আজ রাতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। সেই বৈঠকের পর মোদী জানান, একাধিক বিষয় নিয়ে বাইডেনের সঙ্গে আলোচনা হয়েছে। দু'দেশের সম্পর্ক আরও মজবুত করার জন্য আলোচনা হয়েছে বলে জানিয়েছেন মোদী। তাঁর দাবি, বিশ্বের মঙ্গলের জন্য ভারত এবং আমেরিকার বন্ধুত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ।
সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘এক্স’-এ মোদী লেখেন, ‘সাত লোক কল্যাণ মার্গে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে স্বাগত জানাতে পেরে আনন্দ বোধ করছি। আমাদের বৈঠক অত্যন্ত ফলপ্রসূ হয়েছে। আমরা একাধিক বিষয় নিয়ে আলোচনা করেছি। যা ভারত এবং আমেরিকার মধ্যে আর্থিক সম্পর্ককে আরও মজবুত করবে। মানুষের সঙ্গে মানুষের সম্পর্ক আরও মজবুত হবে। বিশ্বের মঙ্গলের জন্য আমাদের দুই দেশের বন্ধুত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।’
প্রসঙ্গত, জি-২০ শীর্ষ সম্মেলনে যোগ দিতে আজই দিল্লি পৌঁছেছেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন। শুক্রবার সন্ধ্যেয় দিল্লি বিমানবন্দরে নামে মার্কিন প্রেসিডেন্ট বাইডেনের বিশেষ বিমান ‘এয়ারফোর্স ওয়ান’। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ভিকে সিং। আগামী দু’দিন দিল্লির আইটিসি মৌর্য শেরাটনে বিশেষ প্রেসিডেন্সিয়াল স্যুটে থাকবেন বাইডেন। তাঁর প্রতিনিধি দলের জন্য হোটেলের প্রায় ৪০০টি ঘর ভাড়া নেওয়া হয়েছে।
