
নয়াদিল্লি, ২৭ জুলাই : জটিল বৈশ্বিক পরিস্থিতিতেও ইতিবাচক শক্তিতে পরিণত হয়েছে ভারত। বৃহস্পতিবার রাজ্যসভায় বললেন বিদেশমন্ত্রী ডঃ এস জয়শঙ্কর। রাজ্যসভায় এদিন সাম্প্রতিক সময়ে ভারতের বিদেশ নীতি সম্পর্কে বক্তব্য রাখেন বিদেশমন্ত্রী ডঃ এস জয়শঙ্কর। সেই সময় "মোদী মোদী" স্লোগান দিতে থাকেন এনডিএ সাংসদরা, পাল্টা বিরোধীরা "ইন্ডিয়া ইন্ডিয়া" স্লোগান দেন। এরই মধ্যে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন, "জটিল বৈশ্বিক পরিস্থিতিতেও ভারত ইতিবাচক শক্তিতে পরিণত হয়ে বিশ্বজুড়ে নিজস্ব সুনাম প্রতিষ্ঠা করছে।" রাজ্যসভায় এদিন জয়শঙ্করের বক্তব্যের সময় বিরোধী দলগুলির হট্টগোল অব্যাহত ছিল। রাজ্যসভার চেয়ারম্যান বলেন, কয়েক বছর ধরে বিশ্বে ভারতের বিশ্বাসযোগ্যতা বেড়েছে। তিনি নিজেও তাঁর বিদেশ সফরে এই অভিজ্ঞতা উপলব্ধি করেছেন। আমাদের এটা উদযাপন করা উচিত। বিদেশমন্ত্রীর বক্তব্যের সময় বিরোধী দলের সাংসদদের আচরণে আপত্তি জানান তিনি। পরে সংসদের বাইরে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন, "আমি সদনে বিগত কয়েক মাসের প্রগতির কথা জানাতে চেয়েছিলাম। আপনারা আমেরিকায় প্রধানমন্ত্রীর একটি অত্যন্ত সফল সফর দেখেছেন...আমার খারাপ লেগেছে যে বিরোধীরা শুনতে প্রস্তুত নয়। বিদেশ নীতি এমন একটি ক্ষেত্র যেখানে আমরা সাধারণত একসঙ্গে কাজ করি। আমরা দেশের মধ্যে বিতর্ক করতে পারি, কিন্তু দেশের বাইরে আমাদের ঐক্যফ্রন্ট প্রদর্শন করা উচিত। বর্তমানে বিরোধীদের আচরণের দিকে নজর দেওয়া উচিত, যখন এটি জাতীয় স্বার্থের কথা আসে, তখন রাজনীতিকে একপাশে রাখা উচিত এবং প্রশংসা করা উচিত ..."
