
গ্যাংটক, ১২ মার্চ : আচমকা সিকিমে প্রবল তুষারপাত। যার জেরে পাহাড়ি রাস্তায় আটকে পড়লেন বহু পর্যটক। জেলা পুলিশ জানিয়েছে, শনিবার বিকেল থেকে সিকিমের আবহাওয়া খারাপ হতে শুরু করে। পূর্ব সিকিমের নাথুলা ও ছাঙ্গুতে ৮৯টি গাড়িতে প্রায় ৯০০ পর্যটক আটকে পড়েছেন। ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে রাতেই সেনাবাহিনী উদ্ধারকার্যে নেমে পড়ে।
সূত্রের খবর, তুষারপাতের জেরে ১৫ মাইল এলাকায় রাস্তা বিপর্যস্ত। শনিবার রাত ১১টার মধ্যে অনেক পর্যটককে উদ্ধার করে ৪২ কিলোমিটার দূরে গ্যাংটকে ফিরিয়ে নিয়ে আসা হয়েছে। তবে এখনও বহু পর্যটক সেখানে আটকে রয়েছেন বলে খবর।
নাথুলা ও ছাঙ্গু থেকে সিকিমের দিকে ফেরার সময় তুষারপাতে বহু গাড়ি আটকে পড়ে। এখনও বরফের চাদরে ঢেকে রয়েছে এলাকা। পুলিশ-প্রশাসন এবং উদ্ধারকারী দলের তৎপরতায় বরফ সরানোর কাজ চলছে সেখানে। শনিবার রাত সাড়ে ৯টা পর্যন্ত ১৫টি গাড়ি উদ্ধার করে আশপাশের সেনা ছাউনিতে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে সকল পর্যটকেদের চিকিৎসা করেন সেনার চিকিৎসকেরা। পাশাপাশি খাবারের ব্যবস্থাও করা হয় তাঁদের জন্য।
প্রশাসন সম্প্রতি কয়েক দিনের জন্য সিকিমের নাথুলা এবং সোমগো লেকে পর্যটকদের জন্য পাস দেওয়া বন্ধ করেছে। পূর্ব সিকিমে প্রবল তুষারপাতের কারণে এই সিন্ধান্ত নেওয়া হয়েছে বলে সেখানকার প্রশাসন সূত্রের খবর।
