
নয়াদিল্লি, ৯ জুলাই : প্রবল বৃষ্টির মধ্যেই রাজধানী দিল্লিতে ভেঙে পড়ল একটি বাড়ি। রবিবার সকালে দিল্লির জাখিরা এলাকায় ভেঙে পড়ে একটি বাড়ি। এই ঘটনায় আহত হয়েছেন দু''জন, তাঁদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রবল বৃষ্টিতে ভেসে গিয়েছে রাজধানী। রাস্তাঘাট গত শুক্রবার থেকে জলমগ্ন। শনিবার সারা দিন দিল্লিতে টানা বৃষ্টি হয়েছে। মুষলধারে বৃষ্টির কারণে এক দিনেই শহরের ১৫টি বাড়ি ভেঙে পড়েছে। মৃত্যু হয়েছে এক জনের। আর রবিবার আরও একটি বাড়ি ভেঙে পড়ল। পরিসংখ্যান বলছে, গত ২৪ ঘণ্টায় দিল্লিতে ১৫৩ মিলিমিটার বৃষ্টি হয়েছে। ১৯৮২ সালের পর থেকে জুলাই মাসে দিল্লিতে এত বৃষ্টি কখনও হয়নি। ৪০ বছরের নজির ভেঙে গিয়েছে রাজধানীতে। রবিবার বৃষ্টিতে বিপর্যস্ত দিল্লির সামগ্রিক পরিস্থিতি খতিয়ে দেখেন মন্ত্রী অতিশী। যমুনার জলস্তর বৃদ্ধি পেতে পারে হলে তিনি আশঙ্কা করছেন।
