
কলকাতা, ১৭ জুলাই: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বেঙ্গালুরু সফর নিয়ে তোপ দাগলেন বিজেপি-র সর্বভারতীয় সহ সভাপতি তথা সাংসদ দিলীপ ঘোষ।
বিরোধী ঐক্যে শান দিতে বিজেপি বিরোধী বিভিন্ন রাজ্যের শীর্ষ নেতৃত্ব সমবেত হচ্ছেন বেঙ্গালুরুতে। এ প্রসঙ্গে সোমবার দিলীপবাবু ইকো পার্কে প্রাতঃভ্রমণে এসে সাংবাদিকদের প্রশ্নের প্রতিক্রিয়ায় বলেন, “ইউপিএ চাইছে পরিধি বড় হোক। এনডিএ ও তাই চাইছে। কিন্তু কারা যাচ্ছে? তাদের কী শক্তি আছে? পাটনায় পিকনিক করেছে। এবার ব্যাঙ্গালোরে ব্যাঙ্কোয়েট করবে। কংগ্রেস হয়তো এটাকে বিজয় উৎসব করতে চাইছে। এটাই ওদের সান্ত্বনা।“
গত ভোটে বিজেপি-র জেতা ৯ টা লোকসভা এলাকায় পঞ্চায়েত ভোটে প্রকাশিত ফলাফলে বিজেপি-র হার হয়েছে। এই মন্তব্য করলে দিলীপবাবু সাংবাদিকদের বলেন, “বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে কাল। এর বড় কারন, ভোটের পাশাপাশি গণনাতেও লুঠপাট। সাড়ে ৬ হাজার বুথ নিয়ে আমরা হাইকোর্ট গেছি। বিচার হবে। ১০ জুলাই যে ৬৯৬ টায় পুনর্গণনা হয়েছে, তার ৬৫০ টি বিরোধিরা জিতেছে। সত্যিই যদি পুনরায় ভোট ও পুনর্গণনা হয়, তাহলে তৃণমূল অর্ধেকের বেশি আসন হারাবে।”
