
নয়াদিল্লি : জাতীয় রাজধানী দিল্লিতে বায়ু দূষণের মাত্রা আরও বেড়েছে। সোমবার বাতাসের গুণগতমান অনেকটাই খারাপ পর্যায়ে পৌঁছে যায়। কেন্দ্রের বায়ুর গুণমান প্যানেল জাতীয় রাজধানী অঞ্চল কর্তৃপক্ষকে গাড়ির পার্কিং ফি বাড়ানোর নির্দেশ দিয়েছিল, যাতে সাধারণ মানুষ রাস্তায় কম গাড়ি বের করেন। এর পাশাপাশি সি এন জি চালিত অথবা ইলেক্ট্রিক বাসের সংখ্যা এবং মেট্রো রেলের সংখ্যা বৃদ্ধিরও নির্দেশ দেয় তারা।
তা সত্ত্বেও বাতাবরণ খারাপ হয়ে উঠছে। এই দূষণ পরিস্থিতি নিয়ে সোমবার গুরুত্বপূর্ণ বৈঠক করেন দিল্লির পরিবেশ মন্ত্রী গোপাল রাই। তিনি বলেছেন, দিল্লিতে ৮টি আরও দূষণের হটস্পট চিহ্নিত, পরবর্তী ২ সপ্তাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ। মন্ত্রীর কথায়, নোডাল অফিসার এবং ডিপিসিসি আধিকারিকদের প্রোগ্রামে যে কোনও ত্রুটি সংশোধন করতে সমস্ত হটস্পটে গ্রাউন্ড ভিজিট করার নির্দেশ দেওয়া হয়েছে। সমস্ত ১৩টি হটস্পট বাদে, ৮টি পয়েন্ট রয়েছে যেখানে বাতাসের গুণমান স্তর বাড়ছে যার জন্য বিশেষ দল গঠন করা হচ্ছে এবং একটি কর্ম পরিকল্পনা তৈরি করার জন্য একটি ফিল্ড ভিজিট করার নির্দেশ দেওয়া হয়েছে।
