
গাজিয়াবাদ, ২৯ সেপ্টেম্বর: উত্তর প্রদেশের গাজিয়াবাদের এক রাসায়নিক কারখানায় ভয়াবহ আগুন লাগার খবর পাওয়া গিয়েছে। মেরঠ-হাপুর-নয়ডার দমকল কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা শুরু করেছে। শুক্রবার ভোররাতে গাজিয়াবাদের দক্ষিণ পাশের শিল্পাঞ্চল এলাকার একটি রাসায়নিক কারখানায় ভয়াবহ আগুন লাগে। আগুন লাগার কিছুক্ষণের মধ্যেই তা ভয়াবহভাবে ছড়িয়ে পড়ে। আগুন লাগার খবর পেয়ে দমকল বিভাগের কর্মীরা এসে আগুন নেভানোর কাজ শুরু করেছে। আগুন লাগার পর পরিস্থিতি এতটাই ভয়াবহ হয়ে উঠে যে গাজিয়াবাদের দমকল কর্মীরা শুধু তা নেভাতে না পারায় পরিস্থিতি হাতে বাইরে যাওয়ার আগে মেরঠ-হাপুর ও নয়ডার দমকল কর্মীদের খবর দেওয়া হয়। সকলে মিলে আগুন নেভানোর কাজ করে।
গাজিয়াবাদের দক্ষিণ পাশের শিল্পাঞ্চল এলাকার প্রেম ইন্ডাস্ট্রিজ নামে একটি রাসায়নিক কারখানায় এই আগুন লাগে। জেলা দমকল অফিসার জানান, ভোররাত সাড়ে ৩টে নাগাদ তিনি রাসায়নিক কারখানায় অগ্নিকাণ্ডের খবর পান। খবর পেয়ে দমকলের কর্মীদের গাড়ি ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করলেও তা ব্যর্থ হয়। তারপর আগুনকে নিয়ন্ত্রণ করতে সাহিবাদ ও লনি থেকে দমকলের ইঞ্জিন চাওয়া হলেও আগুন নিয়ন্ত্রণে আনা যায়নি। এরপরে মেরঠ, হাপুর এবং নয়ডা থেকেও দমকলের ইঞ্জিন চাওয়া হয়েছিল। কারখানায় ঢোকার পথ খুব সরু ছিল। সেজন্য দেওয়াল ভাঙতে জেসিবি ডেকে আগুন নেভানোর কাজ করা হয়।
