Country

3 years ago

Fog : শীত কমলেও কুয়াশা থেকে রেহাই পাচ্ছে না উত্তর ভারত, দিল্লিতে কিছুটা চড়ল পারদ

North India For Setuation
North India For Setuation

 

নয়াদিল্লি, ১৩ জানুয়ারি : শীত কমলেও কুয়াশা থেকে মোটেও রেহাই পাচ্ছে না দিল্লি-সহ উত্তর ভারতের বিভিন্ন রাজ্য। আর এই কুয়াশার জন্য বিপর্যস্ত হচ্ছে স্বাভাবিক জনজীবন। শুক্রবারও ঘন কুয়াশার চাদরে ঢাকা ছিল রাজধানী দিল্লি। কুয়াশা এতটাই বেশি ছিল যে এদিনও উড়ান পরিষেবা বিঘ্নিত হয়েছে রাজধানীতে। কুয়াশার কারণে দৃশ্যমানতা কম থাকায় বেশ কয়েকটি বিমান দেরিতে চলছে বলে জানিয়েছেন দিল্লি আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ।

দিল্লি-সানফ্রান্সিসকো/কাঠমান্ডু, দিল্লি-চণ্ডীগড়-কুল্লু, দিল্লি-জয়পুর, দিল্লি-ধরমশালা-চণ্ডীগড়, দিল্লি-শিমলা-দেহরাদূন শাখায় ব্যাহত হয়েছে উড়ান পরিষেবা। দিল্লি বিমানবন্দর থেকে কমপক্ষে ৬টি বিমান উড়তে দেরি হয়েছে।

তবে, শৈত্যপ্রবাহ থেকে আপাতত রেহাই পেয়েছে রাজধানী দিল্লি ও উত্তর ভারতের বিভিন্ন রাজ্য। শুক্রবার সকাল ৮.৩০ মিনিটে দিল্লির সফদরজং এলাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৯.৮ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া দফতর সূত্রে খবর, সকাল ৬টা ১০ মিনিটে পালাম এলাকায় দৃশ্যমানতা ছিল ১০০ মিটার। সকাল ৮.৩০ মিনিটে তা বেড়ে হয় ৫০০ মিটার। এদিন ঘন কুয়াশার চাদরে ঢাকা ছিল উত্তর প্রদেশও।

You might also like!