Country

2 years ago

Assam floods: অসমে বন্যা পরিস্থিতির অবনতি, প্রভাবিত ১৮টি জেলার ৩০ হাজারের বেশি মানুষ

Flood situation worsens in Assam
Flood situation worsens in Assam

 

গুয়াহাটি, ১৯ জুন: অসমে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। নতুন নতুন জেলা বন্যার কবলে পড়েছে। এতে প্রভাবিত হয়েছে ১৮টি জেলার ৩০ হাজার ৭২৯ জন। বেশ কয়েকটি জেলায় ভূমিধস পড়ে নাগরিকজীবন বিপর্যস্ত করে তুলেছে।

অসম রাজ্য ফ্লাড রিপোর্টিং অ্যান্ড ইনফরমেশন ম্যানেজমেন্ট সিস্টেমের সর্বশেষ প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে। ওই তথ্যে জানা গেছে, চলমান বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্ৰস্ত হয়েছে লখিমপুর জেলা। লখিমপুরের ২২,০৬১ জন, তার পর ৩,৮৫৭ জন ডিব্রুগড়, তিনসুকিয়া জেলায় ২,৬৬৬ জন এবং কোকরঝাড় জেলায় ১,৭৬০ জন বন্যার কবলে পড়েছেন।

এছাড়া বন্যার জলে ক্ষতিগ্রস্ত কৃষি জমিও। প্রায় ৪,৭৪১.২৩ হেক্টর ফসলি জমি বন্যার জলে প্লাবিত হয়েছে। উপরন্তু, বন্যার জল ৩১টি রাস্তা, সাতটি সেতু এবং তিনটি বাঁধ সহ অত্যাবশ্যক পরিকাঠামোর ক্ষতি করে যোগাযোগ ব্যাহত করেছে। যার দরুন সংশ্লিষ্ট বন্যাক্রান্ত এলাকায় ত্রাণ সামগ্রী পৌঁছনোর ক্ষেত্রে ব্যাঘাত সৃষ্টি করেছে।

ফ্লাড রিপোর্টিং অ্যান্ড ইনফরমেশন ম্যানেজমেন্ট সিস্টেমের রিপোর্টে আরও জানানো হয়েছে, অবিরাম বৃষ্টির দরুন বেশ কয়েকটি জেলায় ভূমিধসের ঘটনা ঘটেছে। গুয়াহাটি মহানগর, ডিমা হাসাও জেলার হাফলং, দিবারাই, লোয়ার লোদি, সরন, মৌলহোই এবং মুল্লনমের মতো এলাকাগুলিতে ধস পড়ে ব্যাপক ক্ষতি করেছে। একইভাবে কামরূপ মহানগরের জেলা সদর গুয়াহাটিতে দুর্গাসরবর এবং নরনারায়ণ পথে ভূমিধসের ঘটনা সংঘটিত হয়েছে। করিমগঞ্জ জেলার বদরপুর ও রানিগ্রাম পার্ট ১ গ্রামেও ভূমিধসের ঘটনা ঘটেছে।

বন্যার কবল থেকে রেহাই পায়নি শহরাঞ্চলও। কাছাড় জেলা সদর শিলচরে জলাবদ্ধতার ফলে সৃষ্ট কৃত্ৰিম বন্যায় শহরকে প্রভাবিত করেছে। অন্যান্য ক্ষতিগ্রস্ত শহুরে অঞ্চলগুলির মধ্যে রয়েছে দরং, যোরহাট, কামরূপ মেট্রে এবং কোকরাঝাড়, যেখানে আবাসিক এলাকা এবং রাস্তাগুলি প্লাবিত হয়েছে।

বন্যাক্রান্তদের সহায়তা প্রদানের জন্য ক্ষতিগ্রস্ত জেলাজুড়ে মোট ২৫টি ত্রাণ শিবির স্থাপন করা হয়েছে। ওই শিবিরে আশ্রিতদের প্রয়োজনীয় অত্যাবশ্যক সামগ্রী সরবরাহ করা হয়েছে। এছাড়া বন্যায় বড়, ছোট এবং হাঁস-মুরগি সহ ৮৪,৭১১টি প্রাণীসম্পদ বন্যার ফলে প্রভাবিত হয়েছে।

You might also like!