
রোহতক, ১১ জানুয়ারি : হরিয়ানার রোহিতকে দুষ্কৃতীদের গুলিতে খুন হলেন বাবা ও মেয়ে। রোহতকের বোহার গ্রামের ঘটনা। মৃতরা হলেন-সুরেন্দর (৪৫) ও তাঁর মেয়ে নিকিতা (১৪)। নিজেদের বাড়িতেই দুষ্কৃতী হামলায় খুন হয়েছেন বাবা ও মেয়ে। বুধবার সকালে ওই পরিবারের একজন সদস্য বাড়ির ভিতরেই বাবা ও মেয়ের রক্তাক্ত দেহ দেখে পুলিশে খবর দেন।
রোহতকের পুলিশ সুপার উদয় সিং মীনা বলেছেন, সুরেন্দর নামে এক ব্যক্তি ও তাঁর মেয়ে নিকিতাকে ২-৩ জন অজ্ঞাতপরিচয় দুষ্কৃতী গুলি করে হত্যা করেছে। স্ত্রীর সঙ্গে বিবাদ চলছিল সুরেন্দরের। তিন দিন আগে তাঁদের আদালতে ঝামেলাও হয়। আমরা সব দিক থেকে তদন্ত করছি। পুলিশ সুপার আরও জানিয়েছেন, বুধবার সকাল ৬টা নাগাদ আমরা জানতে পারি। সুরেন্দরের শরীরে দু''টি এবং নিকিতার শরীরে তিনটি গুলির চিহ্ন ছিল।
