
নয়াদিল্লি, ১৪ মার্চ : লোকসভা ভোটের আগে মোদী সরকারকে চাপে ফেলতে আসরে নামল সংযুক্ত কিসান মোর্চা। বৃহস্পতিবার রাজধানী দিল্লিতে কৃষকদের সমাবেশ। ‘কিসান-মজদুর মহাপঞ্চায়েত’ কর্মসূচিকে ঘিরে দিল্লিতে যানজটের আশঙ্কা করছে পুলিশ। ইতিমধ্যেই ট্রাফিক অ্যাডভাইজারি জারি করা হয়েছে। তাতে আমজনতাকে দিল্লি ও সংলগ্ন এলাকার বিভিন্ন রাস্তাঘাট এড়িয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
জানা গেছে, বৃহস্পতিবার দিল্লির রামলীলা ময়দানে সংযুক্ত কিসান মোর্চার সমাবেশ থেকে মোদী সরকারের প্রতিশ্রুতি ভঙ্গের বিরুদ্ধে সরব হবেন কৃষকরা। কৃষক নেতাদের তরফে জানানো হয়েছে, কেন্দ্রীয় সরকার কৃষকদের দেওয়া প্রতিশ্রুতি ভুলে গেছে। এমএসপি-র আইনি নিশ্চয়তা দিচ্ছেনা। কৃষক নেতারা এও জানিয়েছেন, আন্দোলনের পর কেন্দ্রীয় সরকার তিন কৃষি আইন প্রত্যাহার করতে বাধ্য হয়েছিল। সেই সময় কেন্দ্রের তরফে কৃষকদের অন্য দাবিগুলি মেনে নেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। সেগুলি এখনও পূরণ হয়নি। অভিযোগ, সংযুক্ত কিসান মোর্চার সঙ্গে কোনও আলোচনাতেও বসেনি সরকার।
ন্যূনতম সহায়ক মূল্যের আইনি নিশ্চয়তার দাবি থেকে কৃষি ঋণ মকুব, কৃষক আন্দোলনের সময় ৭৫০ জন মৃত কৃষকের পরিবারকে আর্থিক ক্ষতিপূরণ দিতে হবে এবং কৃষকদের বিরুদ্ধে দায়ের হওয়া সমস্ত মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছে মোর্চা।
