
দার্জিলিং, ৫ অক্টোবর: উন্নয়নের নামে পরিবেশ, বাস্তুতন্ত্রকে ধ্বংস করা হচ্ছে, বন্যা কবলিত এলাকা পরিদর্শনের পর এই মন্তব্য করলেন উদ্বিগ্ন রাজ্যপাল ডঃ সি ভি আনন্দ বোস। একইসঙ্গে তিনি বলেছেন, সিকিমে যে দুর্যোগ এসেছে, তা প্রশমিত করার জন্য নির্দিষ্ট গবেষণা করা দরকার। উত্তরবঙ্গের বন্যা কবলিত এলাকায় যাওয়ার পথে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় রাজ্যপাল বলেন, এই ধরনের দুর্যোগ যাতে আবার না হয় সেজন্য স্থায়ী সমাধান খুঁজে বের করা উচিত।
বৃষ্টি বিপর্যয়ের পর বাস্তব পরিস্থিতি খতিয়ে দেখতে বৃহস্পতিবার সকালে উত্তরবঙ্গে পৌঁছন রাজ্যপাল ডঃ সি ভি আনন্দ বোস। বৃহস্পতিবার সকালে রাজ্যপাল বাগডোগরায় বিমান থেকে নেমে চলে যান শিলিগুড়ির স্টেট সার্কিট হাউজে। সেখান থেকে তাঁর কনভয় বেরিয়ে সোজা পাহাড়ে উঠে যায়। তিনি দার্জিলিং যাওয়ার রাস্তায় বন্যা কবলিত এলাকা ঘুরে দেখেন। সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যপাল ডঃ সি ভি আনন্দ বোস বলেছেন, "পরিস্থিতি খুবই উদ্বেগজনক। বহু মানুষ ভোগান্তির শিকার হয়েছেন এবং এখনও অনিশ্চয়তা রয়েছে। আকস্মিক বন্যা এমন কিছু যা সর্বত্র উদ্বেগের কারণ। আমাদের দেখতে হবে অবিলম্বে কী করা যায় এবং কী প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া যেতে পারে...একটি বিপর্যয়ের কোনও ভৌগলিক সীমানা থাকে না...সুতরাং, সরকার, সুশীল সমাজ, ব্যবস্থাপনা কর্তৃপক্ষ ও সব স্টেকহোল্ডারের সঙ্গে মানুষের স্বার্থে ঘনিষ্ঠ সহযোগিতা প্রয়োজন এবং সবাইকে একসাথে কাজ করতে হবে।"
