
নয়াদিল্লি, ১৫ মার্চ : রবিবারই চার রাজ্য ও এক কেন্দ্রশাসিত অঞ্চলে ভোটের দিনক্ষণ ঘোষণা। ভোট হবে পশ্চিমবঙ্গ, অসম, তামিলনাড়ু, কেরল ও পুদুচেরিতে। তারই নির্ঘণ্ট এ দিন ঘোষণা হবে। বিকেল ৪টেয় ভারতের নির্বাচন কমিশনের তরফে সাংবাদিক বৈঠক ডাকা হয়েছে দিল্লির বিজ্ঞান ভবনে। উল্লেখ্য, কিছু দিন আগেই মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের নেতৃত্বে কমিশনের ফুল বেঞ্চ কলকাতা থেকে ঘুরে গিয়েছেন। রাজনৈতিক দলগুলির সঙ্গে তাঁদের বৈঠক হয়েছে। বৈঠকে সব দলই কম দফায় ভোটের আবেদন জানিয়েছিল। এক বা দুই দফায় ভোট চেয়েছে তারা।
প্রসঙ্গত, পশ্চিমবঙ্গে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের (এসআইআর) প্রক্রিয়া এখনও শেষ হয়নি। কয়েক লক্ষ নাম এখনও বিবেচনাধীন হিসাবে রয়েছে। সুপ্রিম কোর্টের নির্দেশে তথ্যগত অসঙ্গতির বিষয়গুলি নিষ্পত্তি করছেন কলকাতা হাই কোর্ট নিযুক্ত বিচারবিভাগীয় আধিকারিকেরা। গত ২৮ ফেব্রুয়ারি এ রাজ্যে এসআইআর-এর ভিত্তিতে তৈরি অসম্পূর্ণ ভোটার তালিকা প্রকাশ করা হয়। আদালত জানিয়েছিল, এর পর ধাপে ধাপে অতিরিক্ত তালিকা প্রকাশ করতে পারবে কমিশন। এখনও অতিরিক্ত কোনও তালিকা প্রকাশিত হয়নি। ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত রাজ্যে ‘বিবেচনাধীন’ ছিলেন ৬০ লক্ষর বেশি। এই ‘বিবেচনাধীন’ তালিকায় থাকা ভোটারদের কী হবে, প্রশ্ন তুলেছে রাজনৈতিক দলগুলি।
