
দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: রান্নাঘরের খরচে নতুন চাপ। রাজ্যজুড়ে আবারও বেড়েছে রান্নার গ্যাসের দাম, যার প্রভাব পড়তে শুরু করেছে সাধারণ গৃহস্থের পকেটে। এক ধাক্কায় ৬০ টাকা বেড়ে গৃহস্থলির এলপিজি সিলিন্ডারের দাম হয়েছে ৯৩৯ টাকা। আগে যেখানে একই সিলিন্ডার পাওয়া যেত ৮৭৯ টাকায়, এখন সেই গ্যাস কিনতেই বাড়তি খরচ করতে হচ্ছে গ্রাহকদের।
শুধু গৃহস্থলির গ্যাসই নয়, বাণিজ্যিক গ্যাসের দামও উল্লেখযোগ্যভাবে বেড়েছে। ১১৪ টাকা ৫০ পয়সা বাড়িয়ে বাণিজ্যিক সিলিন্ডারের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১৯৯০ টাকা। শনিবার থেকেই এই নতুন মূল্য কার্যকর হয়েছে। ফলে হোটেল ও রেস্তরাঁ ব্যবসায়ীদেরও খরচ বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে, যার প্রভাব পড়তে পারে খাবারের দামেও। এরই মধ্যে গ্যাস বুকিংয়ের ক্ষেত্রেও চালু হয়েছে নতুন নিয়ম। আগে যেখানে ১৫ দিনের ব্যবধানে গ্যাস বুক করা যেত, এখন তা বাড়িয়ে করা হয়েছে ২১ দিন। ফলে অযথা গ্যাস অপচয় হলে মাঝপথে সমস্যায় পড়তে হতে পারে অনেক পরিবারকে। তাই আজকের প্রতিবেদনে গেরস্থের জন্য রইল একাধিক টিপস।
১। সাধারণত ভাত, ডাল রান্না করতে বেশি সময় লাগে। তাতে গ্যাস খরচ হয় তুলনামূলক অনেকটাই বেশি। সময় বাঁচাতে এবং গ্যাস সাশ্রয় করতে অবশ্যই চাল এবং ডাল রান্নার আগে ভিজিয়ে রাখুন। তাতেই হবে লাভ। আবার চাল, ডাল ভিজিয়ে রান্না করা অনেক বেশি স্বাস্থ্যকরও।
২। রান্নাঘরে দীর্ঘদিন ধরে ব্যবহার হাঁড়ি, কড়াইতে অনেক সময় পোড়া দাগ পড়ে। যা হাজার মাজা ঘষাতেও ওঠে না। এরকম পাত্রে ভুলেও রান্না করবেন না। তা গরম হতে বেশি সময় লাগবে। স্বাভাবিকভাবে বেশি খরত হবে গ্যাস। তাই ভুলেও এমন পাত্র ব্যবহার করবেন না। পরিবর্তে পরিষ্কার বাসন ব্যবহার করুন। প্রয়োজনে ননস্টিকের বাসনপত্র ব্যবহার করুন। তাতে লাভবান হবেন গেরস্থরা।
৩। পাত্রের আকারের উপরেও নির্ভর করে গ্যাসের খরচ। তাই পাত্র বাছাইয়ের আগে সাবধান হোন। বেশি ছড়ানো পাত্র ব্যবহার করুন। তা গরম হবে তাড়াতাড়ি। এবং রান্নাও হবে দ্রুত। স্বাভাবিকভাবেই তাতে হবে গেরস্থের সাশ্রয়।
৪। সবসময় ঢাকা দেওয়া পাত্রে রান্না করুন। তাতে তাড়াতাড়ি ফুটবে তরিতরকারি। সেদ্ধ তাড়াতাড়ি হলে কমবে গ্যাসের খরচ। তাতে গ্যাস একমাসের পরিবর্তে টানা দু'মাসও চলতে পারে। আবার পুষ্টি বিশেষজ্ঞদের মতে, ঢাকনা দেওয়া পাত্রে রান্না করা স্বাস্থ্যের জন্যও উপযোগী।

৫। প্রেশার কুকারে রান্না করুন। তাতে রান্নার সময় বাঁচবে। স্বাভাবিকভাবে বাঁচবে গ্য়াস। তথ্য বলছে, প্রেশার কুকারে ভাত রান্না করলে ২০ শতাংশ, ডাল রান্নায় ৪৬ শতাংশ, অন্যান্য সবজি সেদ্ধ করতে ৫০-৭০ শতাংশ এবং মাংস রান্নায় ৪১.৫ শতাংশ গ্যাস সাশ্রয় হবে।
৬। রান্নায় অতিরিক্ত জল দেবেন না। তাতে বেশিক্ষণ ধরে খাবার ফোটাতে হয়। স্বাভাবিকভাবে গ্যাসের খরচও বেশি হয়। আবার জলের অপচয়ও হয়। জল কম দিলে রান্নাও হবে তাড়াতাড়ি। তাই গ্যাস খরচ হু হু করে কমবে।
৭। সবসময় ছোট বার্নারে হালকা আঁচে রান্না করার চেষ্টা করুন। তাতে প্রায় ২৫ শতাংশ জ্বালানি সাশ্রয় হওয়া সম্ভব। হয়তো একটু সময় বেশি যেতে পারে। তবে পুষ্টিগুণ বজায় থাকবে পুরোপুরি।
৮। আর অবশ্যই বার্নার নিয়মিত পরিষ্কার করুন। বার্নার অপরিষ্কার হলে গ্যাসের খরচ বেড়ে যায় অনেকটাই। তাই রান্নাঘর পরিষ্কার পাশাপাশি নজর দিন বার্নারেও।
এই কৌশলগুলি অবলম্বন করলেই হবে কেল্লাফতে। কমবে গ্যাসের খরচ। দেখবেন তাতে দ্রব্যমূল্য় বাজারেও বাড়বে সঞ্চয়। যা বিপদের সময় আপনার কাজে লাগবে।
