
কানপুর, ৭ মার্চ: বৃহস্পতিবার এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-এর দল সমাজবাদী পার্টি (এসপি)-র বিধায়ক ইরফান সোলাঙ্কি এবং তাঁর ঘনিষ্ঠ ও আত্মীয়দের বাড়িতে তল্লাশি অভিযান চালায়। এদিন সকাল থেকেই এই অভিযান শুরু করে ইডির দল। প্রথমে ইডির ৬টি দল বিধায়কের জাজমউয়ের বাড়িতে পৌঁছে অভিযান শুরু করে। ইরফান ছাড়াও ইডির টিম তার ভাইদের বাড়িতেও হানা দেয়।
উল্লেখ্য, গত ১ বছর ধরে জেলে রয়েছেন সমাজবাদী পার্টির বিধায়ক ইরফান। বৃহস্পতিবার সকালে, ইডির উত্তর প্রদেশের সদর দফতর লখনউ থেকে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের ৬টি দল এসপি বিধায়ক ইরফান সোলাঙ্কির বেকনগঞ্জের বাড়িতে এবং তার ভাইদের বাড়িতে অভিযান শুরু করে। বাড়িতে উপস্থিত সকল সদস্যের মোবাইল ফোন বাজেয়াপ্ত করে ইডির আধিকারিকরা। অভিযানের সময় প্রতিটি মোড়ে মোড়ে পুলিশ মোতায়েন রয়েছে। উল্লেখ্য, জমি দখল সহ আরও অনেক মামলায় মহারাজগঞ্জ জেলে রয়েছেন এসপি বিধায়ক ইরফান।
