
নৈনিতাল : নৈনিতাল জেলার সমস্ত এলাকায়, বিশেষ করে নৈনিতাল এবং হলদওয়ানিতে গত ২৪ ঘন্টায় প্রবল বৃষ্টিপাত হয়েছে। আবহাওয়া দফতর সূত্রে এমনটাই জানা গিয়েছে। নৈনিতালে ৭১ মিমি এবং হলদওয়ানিতে ৬৮ মিমি বৃষ্টিপাত হয়েছে বলে আবহাওয়া বিভাগের তরফ থেকে জানা গিয়েছে। প্রবল বৃষ্টিপাতের কারণে রবিবার পর্যন্ত ১০ ফুট ৫ ইঞ্চি স্তরে পৌঁছে যাওয়া নৈনিহ্রদ আজ, রাতের বৃষ্টিতে ৭ ইঞ্চি বেড়ে ১১ ফুটে পৌঁছে গিয়েছে।
লেক কন্ট্রোল রুমের ইনচার্জ রমেশ গাইড়ার কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী, লেকের পুরনো সব গেট ১০ ইঞ্চি পর্যন্ত খুলে দিতে হয়েছে এবং স্কাডা-র দুটি গেটই ১০ ইঞ্চি পর্যন্ত খুলে দিতে হয়েছে। প্রবল বৃষ্টিপাতের ফলে বৃষ্টির জল অনেকের ঘরবাড়ি ও দোকানে ঢুকে পড়ে। মুষলধারে বৃষ্টিপাতের জন্য স্কুল ছুটি দেওয়ার আশা অনেকেই করেছিল, এই বিষয়ে প্রশাসন ও শিক্ষা দফতরের কর্মকর্তাদেরও জানানো হলেও ছুটি ঘোষণা করা হয়নি। তারফলে শিশুরা ভিজতে ভিজতে স্কুলে পৌঁছায় এবং অনেককে বলতেও শোনা যায় যে আজ সূর্য ওঠেনি, সম্ভবত সে কারণেই ছুটি ঘোষণা করা হয়নি।
