
নয়াদিল্লি, ৮ মে : ভারত-পাকিস্তান উত্তেজনার আবহের মধ্যে দিল্লিতে এলেন ইরানের বিদেশমন্ত্রী সইদ আব্বাস আরাঘচি। তিনি দ্বিপাক্ষিক বৈঠক করেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শংকরের সঙ্গে। ডঃ এস জয়শঙ্কর তাঁকে বলেন, আপনি এমন এক সময়ে ভারত সফর করছেন যখন আমরা জম্মু ও কাশ্মীরে ঘটে যাওয়া একটি বর্বরোচিত হামলার প্রত্যাঘাত করছি। আমরা ৭ মে সীমান্তপারের জঙ্গি ঘাঁটিতে আঘাত হানার মাধ্যমে প্রতিক্রিয়া জানাতে বাধ্য হয়েছি। পরিস্থিতি আরও খারাপ করা আমাদের উদ্দেশ্য নয়। তবে যদি আমাদের উপর সামরিক আক্রমণ হয়, তাহলে কোনও সন্দেহ নেই যে এর জবাব খুব দৃঢ়ভাবে দেওয়া হবে। একজন প্রতিবেশী এবং ঘনিষ্ঠ অংশীদার হিসেবে, পরিস্থিতি সম্পর্কে আপনার ভালো ধারণা থাকা গুরুত্বপূর্ণ।
