
বেঙ্গালুরু, ৭ জুলাই : ‘মোদী’ পদবি অবমাননার মামলায় সাজা বহাল রইল কংগ্রেস নেতা রাহুল গান্ধীর। লোকসভার সাংসদ পদ ফিরে পাওয়ার আশায় ইতি হয়েছিল আগেই। এ বার কংগ্রেস নেতা রাহুল গান্ধীর সামনে তৈরি হল জেলে যাওয়ার সম্ভাবনা। গুজরাট হাইকোর্টের এই রায়ে হতাশা ব্যক্ত করলেন কর্ণাটকের উপ-মুখ্যমন্ত্রী ও কংগ্রেস নেতা ডি কে শিবকুমার। শুক্রবার শিবকুমার বলেছেন, "ন্যায়বিচারের জয় হয়নি, এটা অত্যন্ত দুঃখজনক। এটা গণতন্ত্রের হত্যা। তবুও, গোটা দেশ ও বিরোধী দল রাহুল গান্ধীর পাশে রয়েছে।"
ডি কে শিবকুমার আরও বলেছেন, "তিনি একজন মহান নেতা, যিনি বিরোধীদের ঐক্যবদ্ধ করার জন্য গোটা দেশে লড়াই করছেন...বিজেপি নেতারা এটা সহ্য করতে পারছেন না। তাঁরা সংসদ থেকে তাঁকে অবরুদ্ধ করতে চায়...আমি মনে করি তিনি (রাহুল গান্ধী) আরও শক্তিশালী হবেন।" উল্লেখ্য, ‘অপরাধমূলক অবমাননা’ মামলায় দোষী সাব্যস্ত রাহুলের দু’বছর জেলের যে সাজা সুরাট ম্যাজিস্ট্রেট আদালত দিয়েছিল, তা উপর স্থগিতাদেশ চেয়ে রাহুলের আবেদন খারিজ করে দিয়েছে গুজরাট হাইকোর্টের বিচারপতি হেমন্ত প্রচ্ছকের বেঞ্চ।
বিচারপতি প্রচ্ছক রায় ঘোষণা করতে গিয়ে বলেন, ‘‘নিম্ন আদালত রাহুল গান্ধীর সাজার যে রায় দিয়েছে, তা সঠিক।’’ এর ফলে আপাতত কেরলের ওয়েনাড়ের সাংসদ পদ ফিরে পাচ্ছেন না রাহুল। সংশয় তৈরি হয়েছে ২০২৪ সালের লোকসভা ভোটে প্রতিদ্বন্দ্বিতা নিয়েও। সেই সঙ্গে জেলে যাওয়ার আশঙ্কাও দেখা দিয়েছে।
