নয়াদিল্লি, ২১ ফেব্রুয়ারি : রাজধানী দিল্লিতে গাড়ির ধাক্কায় মৃত্যু হল এক ডেলিভারি বয়ের। শনিবার ভোররাতে দুর্ঘটনাটি ঘটেছে পশ্চিম দিল্লির সুভাষ নগর এলাকায়। মৃতের নাম - হেম শাকার (২৫)। তাঁর বাড়ি রঘুবীর নগরে। ঘাতক গাড়ির চালককে হেফাজতে নিয়েছে পুলিশ। গাড়িটিও বাজেয়াপ্ত করা হয়েছে।
দিল্লি পুলিশ জানিয়েছে, শনিবার ভোররাত ৩.২৬ মিনিট নাগাদ তিলক নগর থানা এলাকায় একটি দুর্ঘটনার খবর পাওয়া যায়। দুর্ঘটনাটি ঘটে রাজৌরি গার্ডেনের দিকে নাজফগড় রোডে সুভাষ নগর মেট্রোর লাল বাতির কাছে। হেম শাকার নামে একটি ডেলিভারি বয় গাড়ির ধাক্কায় গুরুতর আহত হয়, তাঁকে দীনদয়াল উপাধ্যায় হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।পুলিশ আরও জানিয়েছে, মৃত যুবক হেমশঙ্কর জেপ্টোতে ডেলিভারি এক্সিকিউটিভ হিসেবে কাজ করতেন এবং দুর্ঘটনার সময় একটি বৈদ্যুতিক স্কুটি চালাচ্ছিলেন। অভিযুক্ত গাড়ির চালক মোহিত কুমার (২৭)-কে হেফাজতে নেওয়া হয়েছে এবং গাড়িটি বাজেয়াপ্ত করা হয়েছে। একটি এফআইআরও নথিভুক্ত করা হয়েছে ও পরবর্তী আইনি ব্যবস্থা চলছে।একজন প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, "আমি পেট্রোল পাম্পে ডিউটিতে ছিলাম, তখনই একটা বিকট শব্দ শুনতে পেলাম। গাড়িটি ১৫০ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে চলছিল এবং চালক ওই যুবককে এক দিক থেকে অন্য দিকে টেনে নিয়ে যাচ্ছিল। সে মারা গেছে। অভিযুক্তকে পুলিশ আটক করেছে। যদি মানুষ মদ্যপান করে এভাবে গাড়ি চালায়, তাহলে এই ধরণের ঘটনা ঘটতে থাকবে।" মৃত যুবকের এক সহকর্মী বলেন, "হেম শাকার আমাদের সঙ্গে কাজ করতেন। তিনি একটি অর্ডার নিয়ে যাচ্ছিল, সেই সময় একটি গাড়ি তাঁকে ধাক্কা মারে। আমরা বিচার চাইছি।"