Country

3 years ago

Mamata Banerjee : দিল্লিতে বিরোধী বৈঠকে মমতার গুরুত্ব নিয়ে কৌতূহল বিভিন্ন মহলে

Mamata Banerjee
Mamata Banerjee

 

কলকাতা, ১৩ মার্চ  : দিল্লিতে বিরোধী বৈঠকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গুরুত্ব নিয়ে কৌতূহল দেখা দিয়েছে রাজনৈতিক মহলে। মঙ্গলবার বিরোধী রাজনৈতিক দলগুলির একটি বৈঠকে যোগ দেওয়ার জন্য তাঁকে আমন্ত্রণ জানানো হয়েছে।

মমতা বন্দ্যোপাধ্যায় সহ মোট ৯ নেতা সম্প্রতি নরেন্দ্র মোদীকে চিঠি লিখেছিলেন। তাঁদের মধ্যে ছিলেন কে চন্দ্রশেখর রাও, ফারুক আবদুল্লাহ, শরদ পাওয়ার, অরবিন্দ কেজরিওয়াল, উদ্ধাব ঠাকরে, ভগবত মান, অখিলেশ যাদব, তেজস্বী যাদব। কতজন বিরোধী নেতার বিরুদ্ধে তদন্ত হয়েছে সেই প্রসঙ্গও সবিস্তারে তুলে ধরা হয়েছে চিঠিতে।

লোকসভা নির্বাচন যত কাছে আসছে ততই দেশে রাজনীতির পারদ চড়ছে। বিরোধী ঐক্য মজবুত করতে মাঠে নেমে পড়েছেন একাধিক রাজনৈতিক দলের নেতা নেত্রীরা। কখনও পেগাসাস, কখনও আদানি আবার কখনও কেন্দ্রীয় এজেন্সি লেলিয়ে দেওয়ার মতো অভিযোগ তুলে সরকারকে একযোগে আক্রমণ শানাচ্ছেন মমতা, নীতীশ, লালু, অখিলেশরা। এবার সেই বিরোধী মঞ্চেই ডাক পড়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের। তবে, অতীতে বিভিন্ন সময় বিরোধী জোট বাঁধার প্রচেষ্টা মুখ থুবড়ে পড়েছে। এবার কোনঠাসা বিরোধীরা কতটা অহংবোধ ঝেড়ে সামগ্রিক একতা দেখাতে পারেন, মমতা কী ভূমিকা নেন, কৌতূহল দেখা দিয়েছে সে সব নিয়েই।

প্রসঙ্গত, দিল্লির ডেপুটি মুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়ার সিবিআই-এর হাতে গ্রেফতারির পরই এই চিঠি দেওয়া হয় প্রধানমন্ত্রীকে। তারপরই অবশ্য ই ডি তল্লাশি হয় বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালু প্রসাদ যাদবের বাড়িতে। বিরোধী শিবিরের তরফে এই অভিযোগ জানিয়ে বলা হয়েছে, একে একে জিজ্ঞাসাবাদ করা হয় লালু প্রসাদ, তাঁর পত্নী তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী রাবড়ি দেবী এবং পুত্র তথা বর্তমান উপ মুখ্যমন্ত্রী তেজস্বী যাদবের বাড়িতে। তাঁর অন্তসত্ত্বা স্ত্রীকে ১৫ ঘণ্টা অপেক্ষা করিয়ে রাখার নজিরবিহীন ঘটনাতেও উষ্মা প্রকাশ করেছেন সকল নেতা নেত্রীরা। এছাড়াও তেলঙ্গানার মুখ্যমন্ত্রী কেসিআর কন্যা কে কবিতাকেও জিজ্ঞাসাবাদ করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

You might also like!