
নয়াদিল্লি, ২৪ ডিসেম্বর : হাড়কাঁপানো ঠান্ডার সঙ্গে দোসর হয়েছে ঘন কুয়াশা। গত কয়েক দিন ধরেই রাজধানীর সকাল ঘন কুয়াশার চাদরে মুড়ে থাকছে। ফলে দৃশ্যমানতাও কোথাও কোথাও অনেকটাই নেমে যাচ্ছে। সড়ক এবং রেলপথ তো বটেই, উড়ান পরিষেবাতেও সমস্যা হচ্ছে। রবিবার সকালে ঘন কুয়াশার চাদরে মোড়া ছিল রাজধানী দিল্লি। ঘন কুয়াশার কারণে দৃশ্যমানতা কমে যাওয়ায় সমস্যায় পড়েছেন গাড়ির চালকরা।
শুধুমাত্র দিল্লিই নয়, রবিবার সকালের দিকে কুয়াশার চাদরে ঢাকা ছিল উত্তর প্রদেশের মেরঠ, অসমের গুয়াহাটি, রাজস্থানের দৌসা, পশ্চিমবঙ্গের কলকাতা-সহ দেশের নানা প্রান্ত। কলকাতায় আবার ঘন কুয়াশার কারণে উড়ান পরিষেবা বিঘ্নিত হয়েছে এদিন সকালে। কনকনানি ঠান্ডায় এই মুহূর্তে জবুথবু দিল্লি-সহ উত্তর ভারতের বিভিন্ন রাজ্য। তার মধ্যে ভারতীয় আবহাওয়া দফতর জানিয়েছে, উত্তর ভারতে আগামী কয়েক দিন কুয়াশার দাপট বাড়বে। সেই পূর্বাভাস অনুযায়ীই, গত দু’তিন দিন ধরে কুয়াশার দাপট অব্যাহত ছিলই। কুয়াশার দাপট দেখা গিয়েছে রবিবারও।
